সাহায্য নয়, রাষ্ট্রীয় খেতাব চান তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস বা শপথ দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথতলায় দেশের প্রথম সরকারের শপথ গ্রহণ ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল। সেদিন আনসারের ১২ জন সদস্য দেশের প্রথম সরকারের সদস্যদের গার্ড অব অনার ও সশস্ত্র সালাম জানিয়েছিলেন।১২ জন আনসার সদস্যের মধ্যে এখন বেঁচে আছেন চারজন। তাঁরা হলেন—আজিমুদ্দিন শেখ (৭২), সিরাজ উদ্দিন (৬৪), হামিদুল হক (৬৩) ও লিয়াকত আলী (৬৭)। এবারের মুজিবনগর দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম দেবেন তাঁরা।তাঁদের আক্ষেপ: ব্যক্তিজীবনে সুখ-স্বাচ্ছন্দ্যের মুখ দেখেননি এই চার মুক্তিযোদ্ধা। কিন্তু এ নিয়ে তাঁদের তেমন ক্ষোভ নেই। তাঁদের আক্ষেপ অন্য জায়গায়। এত বছরে তাঁদের কোনো রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয়নি। তাঁরা বলেন, রাষ্ট্রীয় কোনো খেতাবে ভূষিত করা হলে তাঁরা মরেও শান্তি পেতেন।তাঁদের আক্ষেপ, এখনো বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে স্বাধীনতাবিরোধীরা। এখনো বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। রাজনীতি সন্ত্রাস ও পেশিশক্তি-নির্ভর হয়ে পড়েছে। সন্ত্রাসীদের কারণে মানুষ এখনো নিরাপত্তাহীন। দ্রব্যমূল্য চলে গেছে মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।সেদিনের মুজিবনগর: এই চার মুক্তিযোদ্ধা জানান, ১৪ এপ্রিল বিএসএফের কয়েকজন কর্মকর্তা মুজিবনগর এলাকা পরিদর্শন করে যান। ১৫ এপ্রিল মেহেরপুরের তৎকালীন মহকুমা প্রশাসক (বর্তমানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা) তৌফিক-ই-ইলাহী চৌধুরী মুজিবনগরে এসে জানান, ১৬ এপ্রিল এখানে কয়েকজন গুরুত্বপূর্ণ অতিথি আসবেন। ১৬ এপ্রিল ভারত থেকে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামরুজ্জামান, ক্যাপ্টেন এম মনসুর আলী, জেনারেল এম এ জি ওসমানীসহ ৮-১০ জন বিএসএফের কর্মকর্তা আসেন। গোঁফ দেখে তাঁরা সেদিন ওসমানীকে চিনতে পারলেও অন্যদের চিনতে পারেননি। অতিথিরা বিশাল আম্রকুঞ্জের নিচে একটি জায়গা চিহ্নিত করে জানান, এখানে অনুষ্ঠান হবে।আনসার সদস্যরা জানান, ওই সময় তাঁরা কেউই জানতেন না যে এখানে কী অনুষ্ঠান হবে। নেতাদের নির্দেশমতো চৌকি, কাপড়, দড়ি, বাঁশ, দেবদারুর পাতা, কাপড় ও চাদর দিয়ে গ্রামবাসীর সহায়তায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে তাঁদের পোশাক পরে অনুষ্ঠানস্থলে আসতে বলা হয়। তখনো তাঁরা জানতেন না, এখানে কী অনুষ্ঠান হবে। কিছুক্ষণের মধ্যে মুজিবনগর সীমান্ত পেরিয়ে ভারত থেকে অসংখ্য গাড়ি আসতে শুরু করে। এসব গাড়িতে করে জাতীয় নেতাসহ বিদেশি সাংবাদিক ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা আসেন। এ সময় বিএসএফ পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয়। অনুষ্ঠানের জন্য চেয়ার, মাইক, টেবিল আসে ভারত থেকে। আনসারের এই চার সদস্য জানান, অনুষ্ঠানের শুরুতেই তাঁদের গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়। তখনো তাঁরা জানতেন না, কেন এই গার্ড অব অনার। তাঁরা জানান, এরপর জাতীয় নেতারা মঞ্চে ওঠেন। সরকার গঠন হয়, শপথ অনুষ্ঠান হয়। পরে ঝিনাইদহের তৎকালীন মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) মাহবুব উদ্দিনের নেতৃত্বে তাঁরা নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের গার্ড অব অনার ও সশস্ত্র সালাম দেন। কঠোর গোপনীয়তার মধ্যে আধা ঘণ্টার মধ্যেই অনুষ্ঠান শেষ হয়। এরপর সবাই ভারতে ফিরে যান। তাঁরাও ফিরে আসেন তাঁদের ক্যাম্পে।এই চার মুক্তিযোদ্ধা জানান, পরদিন তৌফিক-ই-ইলাহী ক্যাম্পে এসে বলেন, ‘তোমাদের নাম ও ছবি দেশি-বিদেশি গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তাই তোমরা এখন পাকিস্তান সেনাবাহিনীর লক্ষ্য। তোমরা দ্রুত নিরাপদ স্থানে লুকাও।’সে সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে আনসারের ওই চার সদস্যের চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে।কেমন আছেন তাঁরা: আজিমুদ্দিন শেখ জানান, তিনি এখনো দিনমজুরের কাজ করেন। সিরাজ উদ্দিনের সঙ্গে দেখা হয় মুজিবনগর গোলাপ বাগানে। ১২০ টাকার দিনমজুরিতে বাগান পরিচর্যার কাজ করছিলেন তিনি। হামিদুল হক বর্গাচাষি। লিয়াকত আলী ঘরের ছাউনি গড়া অর্থাৎ ঘরামির কাজ করেন।২০০২ সালে সরকারিভাবে আনসারের ১২ সদস্যকে বাড়ি করে দেওয়া হয়। এখন সরকারি সাহায্যের পরিমাণও বেড়েছে। ভূমিহীন হিসেবে ১৯৯৬ সালে তাঁদের খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়। কিন্তু তাঁদের অনেকে এখনো সেই জমির দখল পাননি। উল্টো দখলদারেরা তাঁদের বিরুদ্ধে মামলা করেছে। সিরাজ উদ্দিন বলেন, অন্যকে বন্দোবস্ত দেওয়া জমি আবার তাঁদের বন্দোবস্ত দেওয়ায় এই জটিলতা হয়েছে।আজকের মুজিবনগর: ঐতিহাসিক মুজিবনগর এখন দর্শনীয় হয়ে উঠছে। এখানে মুক্তিযুদ্ধভিত্তিক দেশের বৃহত্তম স্মৃতি মানচিত্র তৈরি করে মুক্তিযুদ্ধের পুরো চিত্র তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞ ও নারী নির্যাতনের চিত্র।মেহেরপুর গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান প্রামাণিক জানান, মানচিত্রের ভেতরে ও বাইরে আরও ভাস্কর্য তৈরি করা হবে। তিনি জানান, মুজিবনগরে চলছে ডিজিটাল সাউন্ডের আধুনিক বিশাল মিলনায়তনের নির্মাণকাজ। তিনি আরও জানান, মিলনায়তন ভবনের গায়ে ম্যুরালচিত্রের মাধ্যমে বাংলাদেশের ষড়ঋতু তুলে ধরা হবে। স্মৃতিসৌধের প্রধান প্রবেশপথে মুক্তিযুদ্ধের চার আদর্শের প্রতীক হিসেবে ২০ ফুট ব্যাসার্ধের গোলাকৃতির পানির আধারে ভাসমান পাতাসহ চারটি সাদা শাপলাকুঁড়ির ফোয়ারা তৈরি করা হবে।মুজিবনগরে বড় পাঠাগার ও গবেষণাগার নির্মাণের পরিকল্পনা ছিল, যা এখনো হয়নি। পর্যটক ও দর্শনার্থীদের জন্য পানির সুব্যবস্থা নেই। ফায়ার সার্ভিস স্টেশন, পল্লী বিদ্যুৎ ও ভিডিপি কার্যালয় নির্মাণ করা হয়নি। সাধারণ মানুষের ব্যবহারের জন্য টয়লেট ও ছাউনি নেই।সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার দেওয়ার একটি মুর্যালচিত্র নির্মাণ করা হয়েছে। কিন্তু সেখানে আনসারের ১২ জন সদস্যকে না দেখিয়ে দেখানো হয়েছে আটজনকে। মুক্তিযোদ্ধাদের অভিযোগ, এটা ইতিহাস বিকৃতির শামিল।