প্রতিরোধের মার্চ বিদেশি পত্রিকায় ’৭১ ১৯৭১-এর শুরু থেকেই বিদেশি গণমাধ্যম বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। এতে বিশ্বজনমত তৈরি হয়েছে বাংলাদেশের পক্ষে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৩১টি পত্রিকায় প্রকাশিত এমন কিছু সংবাদ, সম্পাদকীয় ও রাজনৈতিক বিশ্লেষণের বিবরণ থাকছে এই মার্চে দ্য পালাভার উইকলি, ঘানা
সাহায্যের জন্য পূর্ব পাকিস্তানিদের কান্না
২৫ মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ সাড়ে সাত কোটি মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে রক্তপিপাসু সামরিক জান্তা মানব ইতিহাসের একটি জঘন্যতম অপরাধ সংঘটিত করেছে। বস্তুনিষ্ঠতার জন্য খ্যাত অনেক সংবাদপত্র ছবি ও প্রত্যক্ষদর্শীর বিবরণের মাধ্যমে ইতিহাসের অন্যতম বৃহত্ এই গণহত্যার চিত্র তুলে ধরেছে। যেসব সাক্ষ্য ও প্রতিবেদন পাওয়া গেছে, তাতে নিশ্চিত হওয়া গেছে যে ইচ্ছাকৃতভাবে এই ভয়াবহ গণহত্যা ঘটানো হয়েছে। পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী নির্মমভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে। পূর্ব পাকিস্তানের খ্যাতিমান অধ্যাপক, আইনজীবী, সাংবাদিক, চিকিত্সক, ছাত্র-নির্বিশেষে বুদ্ধিজীবী ও পেশাজীবীদের নিঃশেষ করে দেওয়ার লক্ষ্যে পরিচালিত এই হত্যাযজ্ঞ একে বীভত্স গণহত্যাগুলোর একটিতে পরিণত হয়েছে। এই গণহত্যা এখনো চলছে। আজ সবারই জানা, এই নির্মম নারকীয় হত্যাযজ্ঞের যারা শিকার, প্রতিরক্ষাহীন সেই মানুষগুলোর অপরাধ—তারা তাদের দেশের ২৩ বছরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা একই সঙ্গে নির্বাচিত করেছে তাদের পছন্দের নেতা শেখ মুজিবুর রহমান এবং তাঁর দল আওয়ামী লীগকে। শেখ মুজিব ও তাঁর দলের একমাত্র অপরাধ—তারা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের যে অংশে তাদের অবস্থান, সে অংশের ঔপনিবেশিক মর্যাদা বদলে সংযুক্ত পাকিস্তান ফেডারেশনে একটি সম্মানজনক অবস্থানের দাবি জানিয়েছে। পশ্চিম পাকিস্তানি সামরিক জান্তা সংখ্যাগরিষ্ঠের ওপর ত্রাস ও বর্বরতার রাজত্ব কায়েম করেছে। পাকিস্তানের কাছে এক নম্বর শত্রু বিবেচিত ভারত নিজ দেশে জন-বিস্ফোরণ সত্ত্বেও মানবিক কারণে পূর্ব পাকিস্তান থেকে আসা অসংখ্য শরণার্থীকে ঠাঁই দিতে যতটা সম্ভব সবই করেছে। আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে। পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে ভারতে যাওয়া শরণার্থীর সংখ্যা বেড়েই চলেছে—এখন প্রতিদিন গড়ে ৫০ হাজার শরণার্থী ভারত যাচ্ছে। যে সরকার তার লাখ লাখ নাগরিককে অন্য একটি দেশে চলে যেতে বাধ্য করে, সেই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার রয়েছে কি না, সেটাই প্রশ্ন। যে পরিস্থিতির খবর পাওয়া যাচ্ছে, তাতে ভারতে অবস্থানরত পূর্ব পাকিস্তানি শরণার্থীরা শিগগির নিজ দেশে ফিরে যেতে পারবে—সে সম্ভাবনা খুবই ক্ষীণ। পাকিস্তানের প্রেসিডেন্ট নতুন যে সাংবিধানিক প্রস্তাব ঘোষণা করেছেন, তাতে সংখ্যালঘুর একচেটিয়া শাসন কায়েম করার উদ্দেশ্যেই প্রণয়ন করা। অতএব জাতিসংঘ এবং বিশ্বের শান্তিপ্রিয় মানুষের উচিত পাকিস্তানের সামরিক জান্তার ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করা, যাতে এখনই জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। কেবল এভাবেই পূর্ব পাকিস্তানে একটি পরিস্থিতির সৃষ্টি করা সম্ভব, যেখানে ভয় বা নির্যাতন বা আরও খারাপ কিছুর আশঙ্কা থেকে মুক্ত হয়ে লাখ লাখ শরণার্থী আবার নিজ দেশে ফিরে যেতে শুরু করবে। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, ব্রিটিশ পার্লামেন্ট সদস্য এবং জাতিসংঘের মহাসচিব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। যারা বিবেকবান, সঠিক চিন্তার মানুষ, পালাভার তাদের সঙ্গে একাত্ম হয়ে একই স্বরে পূর্ব পাকিস্তানের নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তানের সামরিক জান্তা যে নৃশংসতা চালিয়েছে, তার নিন্দা জানাচ্ছে। (৮ জুলাই, ১৯৭১ প্রকাশিত)অনুবাদ: এম এ মোমেন