সাহায্যের হাত বাড়াতে চান আকরাম
শুধু পাকিস্তানই নয়, ওয়াসিম আকরাম সর্বকালের সেরা পেসারদের একজন। পাকিস্তান দলের সঙ্গে তিনি নেই। তবে বিশ্বকাপে আছেন বিশেষজ্ঞ ভাষ্যকার হিসেবে। কিন্তু পাকিস্তান চাইলেই সাহায্য চাইতে পারে তাঁর কাছে। আকরামও জানালেন, তিনি সাহায্য করতে প্রস্তুত, ‘তরুণ বোলারদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। আর তারা যদি হয় বাঁ-হাতি, তবে তো কথাই নেই। ওয়াহাব ও জুনাইদকে টিপস দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ মিশনে ভূমিকা রাখতে চাই।’কোচ ওয়াকার ইউনুস ও অধিনায়ক আফ্রিদির সঙ্গে কথাও হয়েছে বলে জানালেন আকরাম, ‘আমার হাতে পর্যাপ্ত সময় আছে। দল চাইলেই ওয়াহাব ও জুনাইদকে সাহায্য করতে পারি। হাতে যেহেতু সময় আছে, ছেলেদের সাহায্য করতে এবং তাঁদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করতে কোনো সমস্যা নেই।’আকরামের অন্যতম অস্ত্র ছিল রিভার্স সুইং। এই বিশ্বকাপেও রিভার্স সুইং মারণাস্ত্র হয়ে উঠতে পারে বলে মনে করছে অনেকে। যদিও আকরাম মনে করেন, অস্ত্র হতে পারে বৈচিত্র্যও, ‘৩৪ ওভারের পর বল পরিবর্তন করা হয়। আমি মনে করি, ৪০ থেকে ৫০ ওভারের মধ্যে বোলারদের অবশ্যই স্লো ইয়র্কার, বাউন্সার ও লেংথে বৈচিত্র্য আনতে হবে। এসবের মাধ্যমে ব্যাটসম্যানকে চাপের মধ্যে রাখা যায়।’আকরামের চোখে পাকিস্তানের বোলিং বেশ ভারসাম্যপূর্ণ। শোয়েব আখতারের ওপরও ভরসা আছে তাঁর, ‘হেঁয়ালি এই বোলার বিশ্বকাপেই ঝড় তুলবে। আমি তো মনে করি, শোয়েব বিশ্বকাপে কিছু একটা করে দেখাবেই। সে জানে, এটাই তার শেষ বিশ্বকাপ।’ ওয়েবসাইট।