ভারতের সাহারা গ্রুপকে আবাসন খাতে বিনিয়োগের জন্য এক লাখ একর জমি দেওয়ার খবর সঠিক নয়। আজ বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। বিএনপির সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের এ-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আবাসন খাতে বিনিয়োগ-সংক্রান্ত ভারতের সাহারা গ্রুপের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে এক লাখ একর জমি দেওয়ার বিষয়ের উল্লেখ নেই। এ বিষয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।মান্নান খান আরও বলেন, দেশে বিদ্যমান ক্রয় নীতিমালা ও বিধি যথাযথভাবে অনুসরণ করে এ ধরনের আবাসন প্রকল্প গ্রহণ করা হবে। সরকার দেশের কৃষিজমি সংরক্ষণে বদ্ধপরিকর। এ ধরনের আবাসন প্রকল্প গ্রহণকালীন ন্যূনতম কৃষিজমি ক্ষতিগ্রস্তের বিষয়টি সরকার সব সময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। সাহারার সঙ্গে তিনটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এগুলো হলো—ঢাকার কাছে একটি নতুন শহরের কনসেপশনাল ডিজাইন অ্যান্ড প্ল্যানিং প্রণয়ন। আর্থিক নিরাপত্তাসহ নিম্ন আয়ের জনগোষ্ঠীর সামর্থ্যের বিষয় বিবেচনা করে আবাসন প্রকল্প গ্রহণ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন ইন্টিগ্রেটেড টাউনশিপ প্রকল্পের কনসেপশনাল ডিজাইন অ্যান্ড প্ল্যানিং প্রণয়ন করা।তার আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন বলেন, সরকার দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে দপ্তরি কাম পাহারাদার নিয়োগ করার পদক্ষেপ নিয়েছে। এ জন্য ৩৬ হাজার ৯৮৮টি পদ সৃজনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়া গেছে। পদ সৃজনের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির জন্য পাঠানো হয়েছে।নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশে দাখিল ও আলিম মাদ্রাসার সংখ্যা আট হাজার ১৮০টি। এর মধ্যে ছয় হাজার ৪৭১টি এমপিওভুক্ত। হাসানুল হক ইনুর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে। বাজেটে অর্থ বরাদ্দ করা হলে নতুন কিছু শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে।ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। কমিটির প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় টাকা বরাদ্দ পাওয়া সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।