সাহারা পিলখানায় বিদ্রোহের খবর বাহিনীর কাছ থেকে পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় বিডিআরে বিদ্রোহের খবর তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পেয়েছিলেন এক স্বজনের কাছ থেকে, কোনো বাহিনীর কাছ থেকে নয়। পিলখানা হত্যা মামলায় আজ বুধবার জবানবন্দি শেষে আসামিপক্ষের জেরায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাহারা খাতুন বলেন, বিদ্রোহের খবর পাওয়া মাত্রই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে দেখেন, প্রধানমন্ত্রী তার আগেই খবর পেয়েছেন। প্রধানমন্ত্রীকে ওই সময় উদ্বিগ্ন দেখাচ্ছিল বলে তিনি জানান। রাজধানীর বকশীবাজারে সরকারি আলীয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পিলখানা হত্যা মামলার বিচার চলছে। আজ সেই মামলায় সাক্ষ্য দিলেন সাহারা খাতুন। এর আগে স্থানীয় সাংসদ ফজলে নূর তাপস সাক্ষ্য দেন। এক হাজার ৩৪৫ জন সাক্ষীর মধ্যে ৬৩৪ তম সাক্ষী হিসেবে সাহারা খাতুন আদালতে সাক্ষ্য দিলেন।আদালতের নিয়মিত জজ জহুরুল হকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা জজ মো. আখতারুজ্জামান সাক্ষ্য গ্রহণ করেন। তিনি এজলাসে আসার পর আসামিদের মধ্যে বেশ হট্টগোল শুরু হয়। আসামিরা অভিযোগ করেন, আইনজীবীর সঙ্গে তাঁরা কোনো কথা বলতে পারেন না। সারা রাত ধরে তাঁরা কাগজে যে বক্তব্য লিখে রাখেন, কারাগার কর্তৃপক্ষ তা আনতে না দিয়ে ছিঁড়ে ফেলে। এতে করে আইনজীবীরা তাঁদের কথা বুঝতে পারেন না। আসামিরা জানান, মামলাসংক্রান্ত বক্তব্য লিখিত আকারে আনতে তাঁদের আইনজীবীদের মৌখিক নির্দেশ দিয়েছিলেন আদালত। এটা তাঁদের অধিকার বলে তাঁরা দাবি করেন। আসামিদের কথা শুনে বিচারক সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মোশারফ হোসেন কাজল ও আসামি পক্ষের আইনজীবী শামীম সরদারের মতামত চান। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পিপি মোশারফ হোসেন কাজল শান্তিপূর্ণভাবে চলা বিচারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেই এমনটা করা হচ্ছে বলে অভিযোগ করেন। পরে আদালতের পক্ষ থেকে কারা প্রশাসনের একজন কর্মকর্তাকে ডেকে এনে পরিস্থিতি বুঝানো হয়। পরিস্থিতি শান্ত হওয়ার পর সকাল সোয়া ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জবানবন্দি দেন বর্তমান টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন। জবানবন্দিতে তিনি ২০০৯ সালের ওই সময়ের ঘটনা তুলে ধরেন। সাহারা খাতুন বলেন, বিডিআর বিদ্রোহ দমনের জন্য প্রধানমন্ত্রী সেনাপ্রধান মইন উ আহমেদকে সেনা মোতায়েনের নির্দেশ দেন। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, এতে দুই ঘণ্টা সময় লাগবে। এরপর প্রধানমন্ত্রী হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দেন। হেলিকপ্টার চক্কর দেওয়ার সময় গুলিবিদ্ধ হয় বলে তিনি জানতে পারেন। সাহারা খাতুন বলেন, ‘জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম ১৩/১৪ জন বিডিআর জওয়ানকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় দাবি করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলে তাঁরা আত্মসমর্পণ করবেন। তাঁরা আত্মসমর্পণে রাজি হয়ে পিলখানায় ফিরে এসে বলেন, কেউ রাজি হচ্ছে না। এরপর আবার আলোচনা চলতে থাকে। রাত ১২টার পর আমরা ভেতরে যাই। এ সময় কোনো বাতি ছিল না। জওয়ানরা তাঁদের জানান, আত্মসমর্পণ করলে সেনাবাহিনী তাঁদের গুলি করে মেরে ফেলবে। অনেকক্ষণ কথা বলার পর তাঁরা অস্ত্রাগারে নিয়ে যায় এবং আত্মসমর্পণ করতে শুরু করেন। সেনা কর্মকর্তাদের কাছে নিয়ে যাওয়ার কথা বললে তাঁরা বলেন, সবাই হাসপাতালে আছেন, আগামীকাল তাঁদের ছেড়ে দেওয়া হবে। কিছুতেই তাঁরা সেখানে নিয়ে যেতে রাজি হচ্ছিলেন না।’ জবানবন্দির পর সাহারা খাতুনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। একজন আইনজীবী বলেন, ‘দাবি-দাওয়া নিয়ে যেসব বিডিআর সৈনিক আপনার বাসায় গিয়েছিল, তাদের সঙ্গে কী দেখা হয়েছিল?’ জবাবে তিনি বলেন, ‘না হয়নি।’ আরেক আইনজীবী বলেন, ‘আপনার সহকারী একান্ত সচিব (এপিএস) মোশাররফ হোসেন এসব ঘটনা আগে থেকে জানতেন। এ কারণে পিলখানার ভেতরে যাওয়ার সময় তাঁকে সঙ্গে নেননি?’ জবাবে সাহারা খাতুন বলেন, ‘এটা সত্যি নয়।’ আইনজীবী বলেন, ‘প্রধানমন্ত্রী তো সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। তা হলে বিচার হবে কেন?’ জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শর্ত সাপেক্ষে ক্ষমা ঘোষণা করেছিলেন। জওয়ানরা সে শর্ত মানেনি।’বেলা সোয়া ১১টা থেকে তাঁকে জেরা করা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল চারটা ১০ পর্যন্ত তাঁকে জেরা করা হয়। জবানবন্দি শেষে বিচারক মো. আক্তারুজ্জামান ৮ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করেন।