সাহারা পেরিয়ে গাদ্দাফির ছেলে নাইজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির তৃতীয় ছেলে সাদি গাদ্দাফি প্রতিবেশী দেশ নাইজারে পালিয়ে গেছেন। নাইজার সরকারের মুখপাত্র ও বিচারমন্ত্রী মারোউ অ্যামাদোউ এ কথা জানান।বিচারমন্ত্রী জানান, সাদির গাড়িবহর গতকাল রোববার সাহারা মরুভূমি সীমান্ত দিয়ে দক্ষিণাঞ্চলীয় শহর আগাদেজে প্রবেশ করে। গাড়িবহরে তাঁর আরও আটজন সহযোগী রয়েছেন। এটি এখন রাজধানী নিয়ামির দিকে রওনা দিয়েছে।মারোউ অ্যামাদোউ জানান, মানবিক দিক বিবেচনায় সাদি ও তাঁর সহযোগীদের নাইজারে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।সম্প্রতি গাদ্দাফির অনুগতদের কয়েকটি গাড়িবহর নাইজারে প্রবেশে করে। এসব গাড়ি বহরে গাদ্দাফির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন।গাদ্দাফির দুই ছেলে মোহাম্মদ ও হানিবাল এবং মেয়ে আয়েশা ইতিমধ্যে আলজেরিয়ায় আশ্রয় নিয়েছেন। গাদ্দাফির তিন ছেলে মুতাসিম, খামিস ও সাইফ-আল গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা রয়েছে। আর অন্য ছেলে সাইফ-আল আরব যুদ্ধের সময় নিহত হয়েছেন বলে খবর বেরিয়েছে।নাইজার সরকার বিদ্রোহীদের জাতীয় অন্তর্বর্তী কাউন্সিলকে (ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল—এনটিসি) স্বীকৃতি দিয়েছে। তবে তারা পলাতক নেতা গাদ্দাফিকে দেশটিতে প্রবেশে অনুমতি দেবে কি না, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি।ওয়াশিংটন গাদ্দাফি বা যুদ্ধাপরাধের অভিযোগ থাকা তাঁর কর্মকর্তাদের আশ্রয় না দেওয়ার জন্য নাইজারের প্রতি আহ্বান জানিয়েছে। তবে গাদ্দাফি কোথায় অবস্থান করছেন, তা এখনো পরিষ্কার নয়। সম্প্রতি গাদ্দাফি এক অডিও বার্তায় দাবি করেন, তিনি এখনো লিবিয়ায় অবস্থান করছেন। রয়টার্স ও বিবিসি অনলাইন।