সাহারাকে সফল স্বরাষ্ট্রমন্ত্রী বললেন সাংসদেরা
আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের প্রশংসা করেছেন কয়েকজন সাংসদ। সাহারা খাতুনকে সফল স্বরাষ্ট্রমন্ত্রী বলেও উল্লেখ করেছেন তাঁরা। আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর-পর্বে অংশ নিয়ে সাংসদেরা সাহারা খাতুনের প্রশংসা করে এসব কথা বলেন। মন্ত্রিসভায় নতুন সাত সদস্য অন্তর্ভুক্ত হওয়ার পর সাহারা খাতুনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর সাহারা খাতুন আজই প্রথম সংসদে আসেন। এ সময় তিনি সাংসদদের নানা প্রশ্নের জবাবে দেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সাহারা খাতুনের প্রশংসা করেন সাংসদ সিরাজুল আকবর, শফিকুল আজম খান, অপু উকিল, রুবি রহমান ও সাহাবুদ্দিন। তাঁরা সাহারা খাতুনকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সফল বলে মন্তব্য করে বলেন, সাহারা খাতুনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। সে সময় দেশে কোনো জঙ্গির উত্থান ঘটেনি। তাঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন দায়িত্বও সাহারা খাতুন যথাযথভাবে পালন করবেন।