সাহারাকে সরিয়ে আলমগীর স্বরাষ্ট্রে, ইনু তথ্যমন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সাহারা খাতুনকে সরিয়ে দেওয়া হয়েছে। নবনিযুক্ত মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সাহারা খাতুন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।মন্ত্রিসভা সম্প্রসারণের পর গতকাল শনিবার নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের পাশাপাশি কয়েকজন মন্ত্রীর দপ্তরও রদবদল করা হয়েছে। সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাপ্ত ক্ষমতাবলে এই দপ্তর বণ্টন ও পুনর্বিন্যাস করেন।নতুন মন্ত্রীদের মধ্যে হাসানুল হক ইনুকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ইনু ১৪ দলের অন্যতম শরিক জাসদের সভাপতি। তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আবুল কালাম আজাদ এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।২০০৯ সালের ৬ জানুয়ারি মহাজোট সরকার গঠনের সময় সাহারা খাতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেশের প্রথম নারী হিসেবে দায়িত্ব পান। গত প্রায় চার বছর দায়িত্ব পালনকালে তিনি নানা-ভাবে আলোচনা-সমালোচনায় আসেন। গণমাধ্যমে তাঁর বক্তৃতা-বিবৃতি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সর্বশেষ গত ঈদের আগে তিনি নগরবাসীকে ঘরে তালা দিয়ে গ্রামের বাড়ি যাওয়ার পরামর্শ দিয়ে আলোচিত হন। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ একাধিক আলোচিত হত্যার ঘটনার তদন্ত কার্যক্রমের ব্যর্থতার জন্য তিনি সমালোচিত হন। ৫ সেপ্টেম্বর তিনি লন্ডন সফরে যান। এখন তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন। ১৭ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা।নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক সচিব মহীউদ্দীন খান আলমগীর আওয়ামী লীগের আগের সরকারের সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন। তিনি গত বিএনপি-জামায়াত জোট ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিছু সময় কারাগারে ছিলেন। তিনি ১৯৯৬ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে জনতার মঞ্চ করেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত তিনি সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।মহীউদ্দীন খান আলমগীর চাঁদপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাঁর ১৩ বছরের সাজা হয়। এ অবস্থায় তিনি মনোনয়নপত্র দাখিল করলে রিটার্নিং কর্মকর্তা তা বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। কমিশন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখলে মহীউদ্দীন খান আলমগীর হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সঠিক বলে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আপিল করেন তিনি। চেম্বার জজ স্থগিতাদেশ দিলে তিনি নির্বাচন করেন এবং জয়ী হন। ২০১০ সালের ১৫ জুলাই বিস্তারিত শুনানি শেষে তাঁর লিভ টু আপিল খারিজ করা হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ওই বছরের ১২ সেপ্টেম্বর তাঁর সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট জারি করে। গেজেটে কমিশনের যুগ্ম সচিবের স্বাক্ষর করার এখতিয়ার চ্যালেঞ্জ করে রিট করেন মহীউদ্দীন খান আলমগীর। গত ১০ জুন আপিল বিভাগে একটি রিভিউ পিটিশনও করেন তিনি। আপিল বিভাগ পিটিশন গ্রহণ করে আগের রায় স্থগিত করেন। সাহারা খাতুন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় রাজিউদ্দিন আহমেদকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি এখন শুধু প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেখবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে দুই ভাগ করা হয়েছে। আগে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আব্দুর রাজ্জাক। নতুন মন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুর রাজ্জাক এখন কেবল খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। সাবেক কূটনীতিক মাহমুদ আলী এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।আরেক নতুন মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করায় এত দিন এই মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী ছিলেন না। সাবেক কূটনীতিক মোস্তফা ফারুক মোহাম্মদ যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।মুজিবুল হককে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে যোগাযোগ মন্ত্রণালয় থেকে রেলপথ আলাদা করে সুরঞ্জিত সেনগুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে তাঁর সহকারী একান্ত সচিবের (এপিএস) অর্থ কেলেঙ্কারি ঘটনায় তাঁকে সরিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। তখন যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে ওবায়দুল কাদের রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করে আসছিলেন। এখনো সুরঞ্জিত সেনগুপ্তকে কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি।নতুন রেলমন্ত্রী মুজিবুল হক প্রথম আলোকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, ‘অর্পিত দায়িত্ব সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করব, যাতে জনগণ সরাসরি সেবা ও খেদমত পায়।’ নবনিযুক্ত প্রতিমন্ত্রীদের মধ্যে ওমর ফারুক চৌধুরী শিল্প এবং আবদুল হাই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আগে এ দুটি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে কেউ ছিলেন না।মহাজোট সরকারের মন্ত্রীদের এই দপ্তর নিয়ে সরকারের ভেতরে নানা সমালোচনা আছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ মন্ত্রী প্রথম আলোকে বলেন, সাবেক তিন আমলাকে মন্ত্রী করায় দল ও সরকারের জন্য ভালো কিছু হবে না। তবে যাঁরা মন্ত্রী হয়েছেন, এটা কেবল তাঁদের ব্যক্তিগত অর্জন হিসেবে থাকবে।দপ্তর পুনর্বণ্টন সম্পর্কে সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী যা ভালো মনে করেছেন, তা-ই করেছেন। এখন আমরা ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করব।’ তিনি সবার সহযোগিতা কামনা করেন।