সাহারাপ্রধান সুব্রতর গ্রেপ্তার চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাহারা শিল্পগোষ্ঠীর প্রধান সুব্রত রায় সাহারা ও অপর দুই পরিচালকের গ্রেপ্তার চেয়ে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। আজ শুক্রবার দেশটির পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (সেবি) এ আবেদন করে। একই সঙ্গে সাহারা গোষ্ঠীর এই তিন শীর্ষ কর্মকর্তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও আবেদন জানানো হয়েছে।বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, আদালতের আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ে সাহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট করপোরশেন (এসআইআরইসি) ও সাহারা হাউজিং ইনভেস্টমেন্ট করপোরেশন (এসএইচআইসি) বিনিয়োগকারীদের ২৪ হাজার কোটি রুপি ফেরত দিতে ব্যর্থ হওয়ায় এ আবেদন করেছে সেবি।বাংলাদেশে আবাসন খাতে বিনিয়োগের জন্য গত বছর সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ‘সাহারা ইন্ডিয়া পরিবার’। যে প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে বিনিয়োগ করা হবে, সেটির নাম রাখা হয়েছে ‘সাহারা মাতৃভূমি উন্নয়ন করপোরেশন লিমিটেড’। বিনিয়োগের পরিমাণ ৮০০ কোটি টাকা। পুরো একটি নতুন শহর গড়ে তোলার এই বিনিয়োগ প্রস্তাবের জন্য ঢাকার আশপাশে অন্তত ১০০ থেকে এক লাখ একর জমি চেয়েছে শিল্পগোষ্ঠীটি।বিচারপতি কে এস রাধাকৃষ্ণের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চে করা আবেদনে সুব্রত রায় সাহারা এবং গোষ্ঠীটির অপর দুই পরিচালক অশোক রায় চৌধুরী ও রবি শঙ্কর দুবাইকে গ্রেপ্তারের নির্দেশনা চেয়েছে সেবি। একই সঙ্গে তাঁদের পাসপোর্ট সুপ্রিম কোর্টে জমা রাখারও নির্দেশনা চাওয়া হয়েছে।আদালত এই আবেদনের ওপর শুনানিতে সম্মত হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে শুনানির সময় নির্ধারণ করেছেন আদালত।এদিকে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য আরও সময় চেয়ে আজ সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছিল সাহারা গোষ্ঠী। তবে আদালত এ আবেদন খারিজ করে দিয়েছেন। এ ছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিনিয়োগকারীদের অর্থ ফেরত না দেওয়ায় তাদের ভর্ত্সনাও করেছেন সর্বোচ্চ আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ। এর আগে গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহ থেকে সময় বাড়িয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ করা হয়েছিল। বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আদালতের আদেশ অমান্য করায় এসআইআরইসি, এসএইচআইসি ও সুব্রত রায় সাহারা আদালত অবমাননায় অভিযুক্ত হয়েছেন।১৯৭৮ সালে মাত্র ২০০০ হাজার রুপি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন সুব্রত রায় সাহারা। মায়ের দিক থেকে বাংলাদেশের বিক্রমপুরের সঙ্গে নাড়ির যোগ থাকা সাহারার হাতে গড়ে ওঠা আজকের ‘সাহারা ইন্ডিয়া পরিবারের’ সম্পদের পরিমাণ প্রায় ২৬ বিলিয়ন মার্কিন ডলার। ইন্ডিয়া টুডের বিবেচনায় ভারতের সবচেয়ে প্রভাবশালী ১০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন সুব্রত রায়। ২০০৪ সালে টাইম ম্যাগাজিন তাঁর প্রতিষ্ঠানকে ‘ভারতের রেলওয়ের পর সবচেয়ে বেশি লোকের কর্মসংস্থানকারী’ হিসেবে চিহ্নিত করেছে। আবার ভারতে সবচেয়ে বিতর্কিত ব্যবসায়ীদের তালিকায়ও তাঁকে রাখেন অনেকে। বলা হয়, সাহারা গ্রুপের খুব কম বিনিয়োগই লাভ করতে পেরেছে। কিন্তু সুব্রত রায় জানেন কীভাবে নিজেকে সব সময় ‘পাদপ্রদীপের আলোয়’ রাখতে হয়, কীভাবে সঠিক রাজনৈতিক যোগাযোগটি বজায় রাখতে হয়।