সাহারার চারটি দেশ আল-কায়েদার বিরুদ্ধে যৌথ সামরিক কমান্ড স্থাপন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার ক্রমবর্ধমান কর্মকাণ্ডের ফলে সৃষ্ট হুমকি সমন্বিতভাবে মোকাবিলার উদ্দেশে আফ্রিকার সাহারা মরুভূমি অঞ্চলের চারটি দেশ আলজেরিয়াতে যৌথ কমান্ডের সদর দপ্তর স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।আলজেরিয়া, মালি, মৌরিতানিয়া ও নাইজারের এই যৌথ সামরিক স্টাফ কমিটির মূল ঘাঁটি হবে তামানরাসেট শহরে।এ চারটি দেশ নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াতে এবং সন্ত্রাসবাদ, অপহরণ ও চোরাচালানের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনার লক্ষ্যে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।অতীতে জঙ্গিরা দেশগুলোর নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয়হীনতার সুযোগ নিয়ে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে গিয়ে গ্রেপ্তার এড়িয়ে গেছে।যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের অন্যান্য দেশ এ অঞ্চলের সরকারগুলোকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা যদি একযোগে কাজ না করে, তবে আল-কায়েদা সাহারা মরুভূমিকে তার অভয়ারণ্যে পরিণত করতে পারে এবং বড় ধরনের হামলা চালানোর জন্য এটাকে তারা ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে।গত বছর আল-কায়েদার মুসলিম মাগরেব শাখার এডউইন ডায়ার নামের এক ব্রিটিশ নাগরিককে নাইজার ও মালির মধ্যকার সীমান্ত এলাকা থেকে অপহরণ ও পরে হত্যা করে এবং মৌরিতানিয়ায় এক মার্কিন সাহায্য সংস্থার কর্মীকে গুলি করে হত্যা করে। এ ছাড়া ধারণা করা হয়, এ গ্রুপটি স্পেনের দুই নাগরিককে জিম্মি করে রেখেছে। তাঁরা দুজন গত নভেম্বরে মৌরিতানিয়ায় অবস্থানকালে হঠাত্ নিখোঁজ হয়ে যান। গত ডিসেম্বরে অপহূত এক ইটালিয়ান দম্পতিকে গত সপ্তাহে মালিতে মুক্তি দেওয়া হয়।সাহারার ওই চারটি দেশ যদিও যৌথ সামরিক কেন্দ্রটির ক্ষমতা কী হবে, তা বিশদ করে বলেনি, কিন্তু নাইজারের এক সামরিক সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানায়, তারা ‘সন্ত্রাসবাদ, অপহরণ, মাদক এবং অস্ত্র পাচারের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনার লক্ষ্যে কাজ করার’ পরিকল্পনা হাতে নিয়েছে।