সাহারার দেশগুলো আল-কায়েদাবিরোধী যৌথ বাহিনীর শক্তি তিন গুণ বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার সাহারা মরুভূমিতে আল-কায়েদার বিরুদ্ধে সমন্বিতভাবে অভিযান পরিচালনার উদ্দেশ্যে আলজেরিয়াতে সাহারার চারটি দেশ যে যৌথ সামরিক কমান্ডের সদর দপ্তর স্থাপন করেছে আগামী দুই বছরের মধ্যে তার অধীন বাহিনীর সদস্যসংখ্যা তিন গুণ বাড়িয়ে ৭৫ হাজারে উন্নীত করা হবে। আলজেরিয়ার সরকারি টেলিভিশন গতকাল মঙ্গলবার এ সংবাদ জানায়।পাশ্চাত্যের দেশগুলো বলছে, এখনই কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া হলে আল-কায়েদার জঙ্গিরা সোমালিয়া ও ইয়েমেনের মতো সাহারা মরুভূমির বিস্তীর্ণ এলাকাকে তাদের অভয়ারণ্যে পরিণত করতে পারেন এবং বড় ধরনের হামলা চালানোর জন্য এটাকে তাঁরা ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারেন।বার্ত সংস্থা রয়টার্স জানায়, কয়েক বছর ধরে নানা ছোটখাটো বিষয় নিয়ে মতানৈক্য ও উদ্যোগহীনতার পর আলজেরিয়া, মালি, মৌরিতানিয়া ও নাইজার—সাহারার এ চারটি দেশ এ মাসে জঙ্গিরা যে এলাকায় তত্পর তার নিকটবর্তী দক্ষিণ আলজেরিয়ার তামানরাসেট শহরে একটি যৌথ সামরিক সদর দপ্তর স্থাপন করেছে। আলজেরিয়ার সরকারি টেলিভিশনে এক উপস্থাপক বলেন, ‘তামানরাসেট সদর দপ্তরের অধীনে এখন কয়েকটি দেশের ২৫ হাজার যোদ্ধা রয়েছে। ২০১২ সাল নাগাদ এ সংখ্যা ৭৫ হাজারে পৌঁছাবে।’এ যৌথ সামরিক সদর দপ্তরকে কতটা ক্ষমতা দেওয়া হয়েছে, সে সম্পর্কে এখনো কোনো আনুপুঙ্খিক তথ্য প্রকাশ করা হয়নি। আর এটাও স্পষ্ট নয় যে ওই সব যোদ্ধারা সরাসরি ওই সদর দপ্তরের অধীনে কাজ করবেন কি না। এ অঞ্চলের কোনো যৌথ নিরাপত্তা বাহিনী নেই। প্রতিটি দেশই স্বাধীনভাবে নিজের নিরাপত্তাব্যবস্থা পরিচালনা করে।নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন, অধিকতর আঞ্চলিক সহযোগিতা সাহারায় আল-কায়েদাকে মোকাবিলা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা জঙ্গিরা এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে গিয়ে গ্রেপ্তার এড়িয়ে যান।সাহারার জঙ্গিরা এখনো কোনো বড় ধরনের হামলা চালাতে পারেননি। কিন্তু পাশ্চাত্যের কূটনীতিবিদেরা বলেন, একের পর এক বিদেশি নাগরিকদের অপহরণ করে তাঁরা যে অর্থ সংগ্রহ করছেন, তা তাঁদের আরও শক্তিশালী বিপদে পরিণত করবে।এ জঙ্গিরা সাধারণত তাঁদের জিম্মিদের জন্য মুক্তিপণ দাবি করেন। এ রকম সর্বশেষ ঘটনা ঘটে গত সপ্তাহে নাইজারে, যখন ৭৮ বছর বয়সী এক ফরাসি নাগরিক ও তাঁর আলজেরীয় গাড়িচালককে অপহরণ করা হয়। এখনো পর্যন্ত কোনো গ্রুপ বলেনি যে সেটি তাঁদের আটকে রেখেছে।জঙ্গিরা গত বছর এডউইন ডায়ার নামের এক ব্রিটিশ নাগরিককে নাইজার ও মালির মধ্যকার সীমান্ত এলাকা থেকে অপহরণ ও পরে হত্যা করেন। তাঁরা গত বছরের জুনে মৌরিতানিয়ার রাজধানীতে এক মার্কিন সাহায্য সংস্থার কর্মীকেও গুলি করে হত্যা করেন এবং আগস্টে সে দেশে ফরাসি দূতাবাসের ওপর একটি আত্মঘাতী বোমা হামলা চালান, যাতে তিন ব্যক্তি আহত হয়।