সাহারার মতো একই সুযোগ চায় রিহ্যাব ও বিএলডিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আবাসন ব্যবসায়ীরাই রাজধানীর আশপাশে উপশহর (স্যাটেলাইট সিটি) গড়তে সক্ষম বলে দাবি করেছে আবাসন খাতের প্রধান দুই সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (বিএলডিএ)। এ জন্য তারা বিদেশি বিনিয়োগকারীদের মতো দেশীয় ব্যবসায়ীদেরও সরকারিভাবে জমির ব্যবস্থা করে দেওয়ার দাবি জানায়।ঢাকার আশপাশে উপশহর নির্মাণ করতে সম্প্রতি ভারতের সাহারা গ্রুপের সঙ্গে সরকারের সমঝোতা স্মারকও (এমওইউ) সই হয়। এর পরই গতকালের এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠন দুটি।রাজধানীর একটি হোটেলে ‘রাজধানীর আশপাশে স্যাটেলাইট সিটি নির্মাণে দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাব্যতা ও রিহ্যাবের অবস্থান’ শীর্ষক যৌথ সংবাদ সম্মেলনে সাহারা গ্রুপকে এককভাবে এক লাখ একর জমি বরাদ্দ দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তোলা হয়।লিখিত বক্তব্যে রিহ্যাবের সভাপতি ও সরকারদলীয় সাংসদ নসরুল হামিদ বলেন, সরকার উপশহর নির্মাণে বিদেশি একটি কোম্পানির সঙ্গে সমঝোতা সই করেছে। কিন্তু দেশের একটি প্রতিষ্ঠিত শিল্পে এমন একটি বৃহৎ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা প্রয়োজন ছিল। তিনি বলেন, ‘বিশ্বায়নের যুগে আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নই। তবে তা অবশ্যই হতে হবে স্থানীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ করে।’ রিহ্যাবের সভাপতি বলেন, ‘আমি সরকারকে অনেকবার বলেছি, আমাদের জমি দিতে হবে। আজ আবারও বলছি।’সংবাদ সম্মেলনে সরকারের কাছে তিনটি প্রস্তাব তুলে ধরা হয়। এক. উপশহর নির্মাণে প্রকল্পের স্থান, আয়তন ও প্রকল্প সম্পাদনের সম্ভাব্য মডেল নিয়ে আবাসন খাত-সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শুরু করা। দুই. ঢাকার আশপাশে উপশহর নির্মাণে সাহারার মতো একইভাবে রিহ্যাব ও বিএলডিএর সঙ্গে সমঝোতা চুক্তি সইয়ের উদ্যোগ নেওয়া। তিন. আবাসন খাতে বিদেশি বিনিয়োগ অনুমোদনের আগে স্থানীয় আবাসন ব্যবসায়ীদের সঙ্গে যৌথ অংশীদারির ভিত্তিতে একটি উপযোগী মডেল অনুসন্ধান করা।ঢাকার আশপাশে সাহারাকে জমি দেওয়ার বিরোধিতা করে বিএলডিএর সভাপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, বিদেশি বিনিয়োগের জন্য নিঝুম দ্বীপ, মিরসরাইসহ দেশের বিভিন্ন জায়গায় লাখ লাখ একর জমি পড়ে আছে, বিদেশি কোম্পানিগুলোকে সেসব জায়গায় বিনিয়োগের জন্য জমি দেওয়া যেতে পারে।বিএলডিএর সভাপতি বলেন, সাহারা মাত্র ১২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। কিন্তু দেশের ব্যবসায়ীরা এর চেয়ে বেশি অর্থ বিনিয়োগ করার সামর্থ্য রাখে। তিনি বলেন, সরকার বিদেশি কোম্পানিকে এক লাখ একর জমি দিচ্ছে। রিহ্যাব ও বিএলডিএকেও দুই লাখ একর জমি দেওয়া হোক। তাহলেই একটি সুষ্ঠু ও সমপর্যায়ের প্রতিযোগিতা সৃষ্টি হবে।বিএলডিএর সভাপতি বলেন, ‘সরকার বিদেশি প্রতিষ্ঠানকে জমি দিলে সরকারি ও বেসরকারি জমির মূল্যের যে ব্যবধান হবে, তাতে একটি অসম প্রতিযোগিতার সৃষ্টি হবে। এ ক্ষেত্রে কৃষককে বঞ্চিত না করে সুষম প্রতিযোগিতার জন্য সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) বিকল্প নেই।’রাজউকের সমালোচনা করে আহমেদ আকবর সোবহান বলেন, ‘রাজউক নামের যে প্রতিষ্ঠান আছে, তারা নগরায়ণের কথা বলে। কিন্তু নিজেরাই তা মানে না। তারা যে জমিকে জলাভূমি বলে, সেই জমিই তারা আবার ভরাট করে।’সংবাদ সম্মেলনে দাবি করা হয়, দেশের আবাসন খাতের বার্ষিক লেনদেনের পরিমাণ ২৮ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১২ থেকে ১৫ শতাংশ। এ খাত থেকে প্রতিবছর প্রত্যক্ষ-পরোক্ষভাবে দুই হাজার কোটি টাকা কর সরকারের কোষাগারে যাচ্ছে। ২০০টির বেশি ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প মিলিয়ে এ খাতে ২০ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। গ্যাস ও বিদ্যুতের সংযোগ না পাওয়ায় আবাসন খাত এখন সংকটে পড়েছে। এক বছরে ফ্ল্যাট ও প্লট বিক্রি কমেছে ৪৩ শতাংশ। তাছাড়া এ খাতে ব্যাংকের অর্থায়নও কমেছে ৭০ শতাংশ। এত প্রতিবন্ধকতার পরও দেশের আবাসন খাত কারিগরি ও আর্থিক বিচারে এ অঞ্চলের যেকোনো বড় আবাসন প্রতিষ্ঠানের সমকক্ষ।বিএলডিএর সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মহিউদ্দিন, রিহ্যাবের সাবেক সভাপতি তানভীরুল হক প্রবাল, সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক জামসেদ হাসান, কার্যনির্বাহী পরিষদের সদস্য আরশী হায়দার, এম আনিসুজ্জামান ভূঁইয়া, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।