এটিএন বাংলায় আজ রাতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘মাধবী ভিলা’। নীহাররঞ্জন গুপ্তের উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করছেন মিঠু বিশ্বাস। নাটকে অভিনয় করছেন অরুণা বিশ্বাস। কথা হলো তাঁর সঙ্গে। শুনেছি, আপনি এই ধারাবাহিকটির প্রযোজক। পাশাপাশি অভিনয়ও করেছেন। নাটকের জন্য এই উপন্যাসটি বেছে নিলেন কেন?আমরা এর আগে নীহাররঞ্জন গুপ্তের উপন্যাস অবলম্বনে নূপুর ধারাবাহিক তৈরি করেছিলাম। ওটা প্রচার হওয়ার পর এটিএন বাংলা থেকে আরেকটি ধারাবাহিক তৈরির জন্য বলা হলো। আমরা মাধবী ভিলা বেছে নিলাম। আবারও সাহিত্যনির্ভর ধারাবাহিক করেছি। মূল গল্প ঠিক রেখে প্রেক্ষাপট হিসেবে বর্তমান সময়কে বেছে করেছি। নাটকটি তৈরি করার কোনো উল্লেখযোগ্য ঘটনার কথা মনে পড়ে?নাটকের গল্পে প্রকৌশলীদের কিছু ব্যাপার আছে। বিভিন্ন ধরনের পার্টস তৈরি করা হয়। সে ধরনের একটা বড় ওয়ার্কশপের প্রয়োজন ছিল আমাদের। সাভারে সে রকম একটি পাওয়াও গেল। শুটিংয়ের আগের দিন বিকেলে গিয়ে ওয়ার্কশপের লোকজনের সঙ্গে চূড়ান্ত আলোচনা হলো। আমাদের বলা হলো, কোনো অসুবিধা হবে না, আপনারা নিশ্চিন্তে চলে আসুন। কিন্তু পরদিন সকালে আমরা সব শিল্পী ও কলাকুশলীকে নিয়ে গিয়ে দেখি, রাতে ম্যাজিস্ট্রেট এসে ওয়ার্কশ-পটি সিলগালা করে বন্ধ করে দিয়ে গেছেন। ওটা নাকি অবৈধ ছিল। এই নাটকে আর কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন?প্রযোজনা আর অভিনয় করছি। পাশাপাশি শিল্পনির্দেশনাও দিচ্ছি। অনেক সময় পরিচালনার কাজও করতে হয়। সব কাজ একসঙ্গে করতে গেলে অনেক অসুবিধাও হয়। অভিনয়ের জন্য মেকআপ নিয়ে তৈরি হয়েছি, দেখা গেল নাটকের অন্য একটি ব্যাপার দেখতে হবে। তখন মেকআপ নিয়েই সবকিছু দেখাশোনা করতে হয়।‘গুলশান এভিনিউ’ ধারাবাহিকের কথা বলুন।বাংলাভিশনের এই ধারাবাহিকে আমি শাফকাত চৌধুরীর (তারিক আনাম খান) স্ত্রী। এটা অবশ্য তার বাসার কেউ এত দিন জানত না। কারণ তার আরও একজন স্ত্রী আছে। গুলশান এভিনিউ বাড়িতে আসার পর আমাকে কেউ মেনে নিতে পারে না। আমাকে নিয়ে শুরু হয় নানা ষড়যন্ত্র।অন্য কোনো ধারাবাহিকে অভিনয় করছেন?হ্যাঁ। অনন্ত হিরার সম্পর্ক ধারাবাহিকে কাজ করছি। এ ছাড়া চান্দা মাহজাবিন একটি নতুন নাটক করছেন। তাতেও অভিনয় করছি। বিনোদন প্রতিবেদক