সাহিত্যে নোবেল ঠগ ও লোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশা ছিল ২০১২ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পাবেন। এ রকম একটি চিঠিও তাঁর হাতে এসেছিল। নাম ঘোষণার পর জানতে পারেন, সব ভুয়া। পুরস্কারের লোভে টাকাও খাটিয়েছিলেন। এখন মনে করছেন, তিনি প্রতারণার শিকার।তিনি একজন পরমাণুবিজ্ঞানী। নাম জসিমউদ্দীন আহমেদ। বাংলা ও ইংরেজিতে বইও লিখেছেন। তিনটিই কবিতার বই। সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার লোভে রাজধানীর সিদ্ধেশ্বরীর ‘দ্য জেনারেশন’ নামের একটি প্রতিষ্ঠানকে টাকা দিয়েছিলেন।টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন ‘দ্য জেনারেশন’ নামের এনজিওটির প্রধান সানোয়ার হোসেন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, বিশ্ব ব্যক্তিত্ব নিয়ে গবেষণা করা তাঁদের কাজ। জসিমউদ্দীন আহমেদের কাছ থেকে এক কোটি ৫০ লাখ টাকা নিয়েছিলেন ব্যবসার জন্য। ‘কী ব্যবসার’ জন্য, তা তিনি বলতে চাননি।জসিমউদ্দীন আহমেদ দীর্ঘকাল দেশের বাইরে ছিলেন। পরিচয়ের পর তাঁর বইয়ের প্রশংসা করেন দ্য জেনারেশনের লোকজন। অন্তত তিনজন নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তি জসিমউদ্দীনের কবিতার প্রশংসা করেছেন—এমন কথা তাঁকে জানানো হয়। তাঁকেও নোবেল পুরস্কারের টোপ দেওয়া হয়। লোভে পায় জসিমউদ্দীনকে। কিস্তিতে তিনি টাকা দিতে শুরু করেন।‘আপনাকে নোবেল পুরস্কার পাইয়ে দেবে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন?’—এমন প্রশ্নের উত্তরে জসিমউদ্দীন বলেন, ‘ঠিক তা না।’ ‘তবে কেন টাকা দিয়েছিলেন?’ উত্তরে বলেন, ‘এখন তা আর বলতে চাই না।’বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজকে জসিমউদ্দীন আহমেদ একটি চিঠি দেখিয়েছেন। তাতে ২০১২ সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য তাঁর মনোনয়নের কথা বলা আছে। কিন্তু বাস্তবে তা ঘটেনি। তখন জসিমউদ্দীন নোবেল ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। নোবেল ফাউন্ডেশন ওই ধরনের চিঠির কথা অস্বীকার করেছে। জসিমউদ্দীন বুঝতে পারেন পুরো প্রক্রিয়াটি সাজানো, প্রতারণা। জসিমউদ্দীন আহমেদ ওই চ্যানেলকে বলেছেন, দ্য জেনারেশন এ ধরনের প্রতারণা আরও অনেকের সঙ্গে করেছে।তবে আইনের আশ্রয় না নিয়ে মীমাংসায় যেতে চাইছেন জসিমউদ্দীন। গতকাল সোমবার প্রথম আলোকে তিনি বলেন, ‘ধরে নেন বিষয়টি মিটে গেছে।’ আর কোনো কথা তিনি বলতে চান না।সানোয়ার হোসেন দাবি করেন, ইতিমধ্যে ৭০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকাও ফেরত দেওয়া হবে। টেলিভিশন চ্যানেলটিতে দেখা গেছে, তাঁর অফিসজুড়ে বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে তাঁর ছবি। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তোলা ছবির পরিমাণই বেশি।