সাহিত্যে নোবেল পেলেন চীনা লোককাহিনির লেখক ইয়ান
চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় প্রাথমিক বিদ্যালয় ছাড়তে বাধ্য হন তিনি। রাখাল হিসেবে কাজ করেন। মাঝেমধ্যে এমন দিনও গেছে, গাছের শিকড়-বাকড় ও আগাছা খেয়ে জীবন ধারণ করেছেন। তিনি লোককাহিনির লেখক মো ইয়ান (৫৭)। এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি।গতকাল বৃহস্পতিবার সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে। প্রথম চীনা নাগরিক হিসেবে সাহিত্যে নোবেল পেলেন মো ইয়ান। মো ইয়ান শব্দের অর্থ ‘কথা বলবেন না’। এটি তাঁর ছদ্মনাম। তাঁর প্রকৃত নাম গুয়ান মোয়ে।চীনের পূর্বাঞ্চলীয় সেনডং প্রদেশের প্রত্যন্ত গ্রাম গাওমির এক কৃষক পরিবারে ইয়ানের জন্ম ১৯৫৫ সালে। তাঁর ছেলেবেলা কেটেছে দুঃসহ যন্ত্রণায়। সাংস্কৃতিক বিপ্লব শেষ হওয়ার পর তিনি পিপলস লিবারেশন আর্মিতে যোগ দেন। সেনাবাহিনীর শিল্পকলা ও সাহিত্যবিষয়ক ইনস্টিটিউটে আবার তিনি পড়াশোনা শুরু করেন। পরে বেইজিং নর্মাল ইউনিভার্সিটি থেকে শিল্পকলা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি।তবে বাল্যকালের ওই দুঃসহ পরিস্থিতিই সাহিত্য সৃষ্টির অনুপ্রেরণা জুগিয়েছে ইয়ানকে। নোবেল পাওয়ার পর তিনি বলেছেন, ‘একাকিত্ব এবং ক্ষুধাই আমার সৃষ্টিকর্মের জন্য আশীর্বাদ হয়েছে।’সুইডিশ একাডেমি গতকাল এক বিবৃতিতে বলেছে, কল্পনা ও বাস্তবতা এবং ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপটের মিশেলে মো ইয়ান যে স্মৃতিচারী সাহিত্যের জগৎ সৃষ্টি করেছেন, তা উইলিয়াম ফকনার ও গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখনী মনে করিয়ে দেয়। একই সঙ্গে পুরোনো চীনা সাহিত্য ও সেখানকার ঐতিহ্যবাহী লোককাহিনিকে ফিরিয়ে এনেছে তাঁর সাহিত্যকর্ম।ইয়ানের উপন্যাস, ছোটগল্প ও প্রবন্ধে চীনা সমাজের দুর্নীতি, অবক্ষয়, পরিবার পরিকল্পনা নীতি, গ্রামীণ জীবনের যন্ত্রণার পাশাপাশি শাসকগোষ্ঠীর অত্যাচার-নির্যাতনের চিত্র উঠে এসেছে। এ ছাড়া তাঁর লেখায় স্থান পেয়েছে ১৯১১ সালের রাজতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব, চীনে জাপানের আগ্রাসন, ১৯৫০-এর দশকে কমিউনিস্ট পার্টির ভূমি সংস্কার নীতির ব্যর্থতা এবং সাংস্কৃতিক বিপ্লবের নামে ১৯৬৬ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত মাও সে-তুংয়ের পাগলামি। এসব লেখালেখির জন্য অনেক সমালোচনা সইতে হলেও সমসাময়িকদের মধ্যে তাঁকেই চীনের অন্যতম প্রধান লেখক বলে অভিহিত করেছে নোবেল কমিটি।ইয়ানের সৃষ্টিকর্মের মধ্যে দেশের বাইরে তাঁর সবচেয়ে পরিচিত উপন্যাস সম্ভবত রেড সর্ঘাম। ১৯৮৭ সালে প্রকাশিত এই উপন্যাসে তিনি দেশের পূর্বাঞ্চলে নিজের এলাকার ১৯২০ ও ১৯৩০-এর দশকে কৃষকদের ওপর নির্মম সহিংসতার বিবরণ তুলে ধরেন। তাঁর উপন্যাসের গল্প অবলম্বনে পরে চলচ্চিত্র তৈরি করেন বিখ্যাত চীনা নির্মাতা ঝ্যাং ইমু।এ ছাড়া ইয়ানের আলোচিত সাহিত্যকর্মের মধ্যে বিগ ব্রেস্ট অ্যান্ড ওয়াইড হিপস, রিপাবলিক অব ওয়াইন এবং লাইফ অ্যান্ড ডেথ আর ওয়ারিং মি আউট অন্যতম।ইয়ানের সর্বশেষ উপন্যাস ফ্রগ প্রকাশিত হয়েছে ২০০৯ সালে। জন্মনিয়ন্ত্রণের নামে নির্মম এক সন্তান নীতির প্রবঞ্চনা এবং বন্ধ্যাকরণ ও গর্ভপাতে বাধ্য করেন যে সরকারি কর্মকর্তারা, এ নীতি বাস্তবায়ন করেন তাঁদের গল্পই এই উপন্যাসের উপজীব্য। উপন্যাসটির নায়িকা একজন মধ্যবয়স্ক নারী, যিনি এক সন্তান নীতি সমর্থন করেন। এ জন্য বহুবার গর্ভপাত করিয়েছেন। কিন্তু একদিন মাতাল অবস্থায় তাঁর মধ্যে ঘোরের সৃষ্টি হয়। তখন তিনি হাজার হাজার ব্যাঙের কর্কশ ঘ্যাঁ ঘোঁ ডাক শুনতে পান। ব্যাঙের ওই শব্দ তাঁর কাছে মনে হয় গর্ভপাতে নষ্ট করা তাঁরই সন্তানদের বিলাপ। তখন তাঁর মধ্যে সৃষ্টি হয় গভীর মর্মবেদনা।এমন সব বিতর্কিত বিষয় নিয়ে লেখালেখি করলেও শাসকগোষ্ঠীর খুব বেশি রোষানলে পড়তে হয়নি ইয়ানকে। কারণ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া চীনা লেখক সংঘের ভাইস প্রেসিডেন্ট তিনি। যদিও তাঁর বেশ কয়েকটি বই নিষিদ্ধ করা হয় চীনে। রয়টার্স ও এএফপি।