সাহিত্যে নোবেল পেলেন সুইডিশ কবি টোমাস ট্রন্সট্র্যামার
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ কবি টোমাস ট্রন্সট্র্যামার। গতকাল বৃহস্পতিবার স্টকহোমে এ ঘোষণা দেওয়া হয়। সুইডিশ একাডেমির জুরি বোর্ড বলেছে, তাঁর কবিতা কল্পনা ও আবেগে পরিপূর্ণ। একই সঙ্গে তা অপ্রত্যাশিত ধাঁধায় ভরা। তাঁর সৃষ্টি দুর্বোধ্য আবার একই সঙ্গে ঝরঝরেও। তাই তাঁকে সম্মানিত করা হয়েছে। সুইডিশ একাডেমির স্থায়ী সেক্রেটারি পিটার ইংলান্ড সুইডিশ টেলিভিশনকে বলেছেন, ১৯৯৩ সাল থেকে প্রতিবারই সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য ট্রন্সট্র্যামার মনোনীত হয়েছেন। এবার তিনি পুরস্কারটি পেলেন। ট্রন্সট্র্যামারের অনেক কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন তাঁর বন্ধু ও মার্কিন কবি রবার্ট ব্লাই। ইংরেজি ছাড়াও আরও প্রায় ৬০টি ভাষায় তাঁর কবিতা অনূদিত হয়েছে।১৯৯০ সালে স্ট্রোক করার পর ট্রন্সট্র্যামার হারিয়ে ফেলেন বাকশক্তি। তাঁর স্ত্রী মনিকা সুইডিশ বার্তা সংস্থা টিটিকে বলেন, নোবেল পুরস্কার পাওয়ার খবরে তাঁর স্বামী বিস্মিত। ।ট্রন্সট্র্যামারের বিখ্যাত কবিতার বইগুলো হলো: দ্য গ্রেট এনিগমা: নিউ কালেক্টেড পোয়েমস (২০০৬), দ্য হাফ ফিনিশড হেভেন (২০০১), ফর দ্য লিভিং অ্যান্ড দ্য ডেড (১৯৯৫), বাল্টিকস (১৯৭৫), উইন্ডোজ অ্যান্ড স্টোনস (১৯৭২)। এএফপি ও বিবিসি।