সাহিত্যে নোবেল সুইডিস কবি ট্রান্সট্রয়েমারের
সাহিত্যে ২০১১ সালে নোবেল পেলেন সুইডিস কবি টমাস ট্রান্সট্রয়েমার। দ্য সুইডিস অ্যাকাডেমি আজ বৃহস্পতিবার পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষণা করে।৮০ বছর বয়সী সুইডিস এই কবি ১০৮তম ব্যক্তি হিসেবে সাহিত্যে সম্মানজনক পুরস্কার অর্জন করে নিয়েছেন। গত বছর সাহিত্যে এই নোবেল পেয়েছিলেন পেরুভিয়ান লেখক মারিও বার্গাস ওসা।১৯৯০ সালে স্ট্রোকের কারণে বাকশক্তি হারিয়ে ফেলেন প্রশিক্ষিত মনস্তাত্ত্বিক ও কবি ট্রান্সট্রয়েমার। ট্রান্সট্রয়েমারের বেশির ভাগ কাজই ইংরেজিতে অনুবাদ করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু আমেরিকার কবি রবার্ট ব্লাই।নোবেল কমিটি এই পুরস্কারের অর্থমূল্যবাবদ এক কোটি সুইডিস ক্রোনার তুলে দেবেন টমাস ট্রান্সট্রয়েমারের হাতে।১৮৯৬ সালের ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রণেতা সার আলফ্রেড নোবেলের মৃত্যু হয়েছিল। প্রতিবছর সেই দিনটিতেই স্টকহোমে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত হয়ে থাকেন, সে বছরের নোবেল বিজয়ীরা। সাহিত্যে নোবেলজয়ী টমাস ট্রান্সট্রয়েমারকেও সেদিনই সম্মানিত করা হবে। আগামী শুক্রবার ৭ অক্টোবর শান্তিতে এবং ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কারের ঘোষণা দেওয়া হবে।