সাহেদার আত্মহত্যা-রহস্য ও তাঁর ‘জীবন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহেদার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর শ্বশুরবাড়িতে। সাহেদার পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করেছেন সাহেদার মা। তাঁর অভিযোগ, যৌতুকের কারণে নির্যাতন করা হতো প্রতিনিয়ত মেয়েকে। সাহেদার স্বামী বলছেন, তাঁর স্ত্রী মানসিক রোগী ছিলেন। সাহেদা যখন মারা যান তখন তাঁর সন্তান জীবনের বয়স ছিল প্রায় দুই মাস। জীবন বেড়ে উঠছে; যখন বড় হবে সে কি তার মায়ের মৃত্যুর আসল রহস্য জানতে পারবে? সাহেদার সুখের সংসার গড়ার স্বপ্ন আর পূরণ হলো না। বিয়ের কয়েক দিন যেতে না যেতেই শুরু হয় যৌতুকের জন্য চাপ। যৌতুকের দাবি করা তিন লাখ টাকাই কি শেষ পর্যন্ত সাহেদার জীবননাশের কারণ হয়ে দাঁড়াল? ঝুলে থাকা সাহেদার লাশের রহস্যের মধ্য দিয়েই হলো এর করুণ সমাপ্তি। এ রহস্যের ঘেরাটোপে এখন বেরিয়ে আসছে প্রকৃত সত্যটা। সাহেদা যেদিন মারা গেলেন, তার পরপরই সব আয়নার মতো স্বচ্ছ হতে থাকল। সাহেদার পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। কিন্তু অভিযোগ করলেই কি হবে? তার জন্য প্রমাণ চাই। সাহেদা তাঁর করুণ কাহিনি আর নির্মম অত্যাচারের কথা বলে গিয়েছিলেন তাঁর পরিবারের কাছে। সাহেদার পরিবার কিছুতেই মানতে পারছে না তাদের মেয়ে নিজের জীবন নিজেই বিসর্জন করবে। কিন্তু এর প্রমাণ তো থাকা দরকার। পুলিশের ময়নাতদন্তের প্রতিবেদনই ছিল এর একমাত্র ভরসা। ২০ দিন দেরি করে দেওয়া ময়নাতদন্তে বলা হয়, সাহেদা আত্মহত্যা করেছেন। সাহেদার পরিবারের অভিযোগ, তাঁর স্বামী পুলিশ কনস্টেবল হওয়ায় ময়নাতদন্তে প্রকৃত তথ্য দেওয়া হয়নি। সাহেদার পরিবার এখন দাবি করছে, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ নিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলনও করেছে। প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে একটি মহল উঠেপড়ে লেগেছে বলেও তাদের অভিযোগ। তাদের প্রশ্ন, যৌতুকের কারণে একটি সহজ-সরল মেয়েকে হত্যা করা হবে আর এর ন্যায়বিচার হবে না, এ কোন দেশে বাস করছে তারা।সাহেদা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার চরনাল মীরাপুকুরপারের মধ্যবিত্ত ঘরের মেয়ে। ভাইবোনদের মধ্যে সবচেয়ে ছোট। বাবা প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পঙ্গু জীবন যাপন করছেন অনেক বছর ধরে। মা-ও বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। পারিবারিক সম্মতিতেই সাহেদাকে বিয়ে দেওয়া হয় পাশের গ্রাম মইনপুরের এক পুলিশ কনস্টেবলের সঙ্গে, ২০১০ সালের ১০ মার্চ। সাহেদা উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করে ডিগ্রিতে ভর্তি হয়েছিলেন এবং বিয়ের পর ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষাও দিয়েছিলেন। সাহেদার বিয়ে হয়েছে, সুখে-শান্তিতে থাকবেন আর দশটা মেয়ের মতোই, এটাই স্বপ্ন দেখেছিল সবাই। কিন্তু হলো না সাহেদার সুখের সংসার। তিন লাখ টাকা যৌতুকের চাপ আর নিজের গর্ভজাত সন্তানকে নিয়ে অপবাদ সইতে সইতে জীবনের সমাপ্তি হলো তাঁর। যখন সাহেদা মারা যান তখন তাঁর ছেলেসন্তানটির বয়স ছিল প্রায় দুই মাস। মায়ের কোল চিনতে না চিনতেই মাকে হারাতে হলো শিশুটির।সাহেদার চাচা ইদ্রিস চৌধুরীর সঙ্গে কথা হয় সাহেদার বিষয়ে। তাঁর চাচার জবানিতেই শোনা যাক প্রকৃত ঘটনা—‘২২ মার্চ ২০১১। রাত আনুমানিক আট-নয়টার সময় সাহেদা মায়ের সঙ্গে মোবাইল ফোনে কাঁদতে কাঁদতে কথা বলে এবং আমার সঙ্গে কথা বলতে চাইছিল। কিন্তু আমি বাড়িতে না থাকায় তখন আর কথা বলতে পারি নাই। আমি পরে ফোন করেছিলাম। কিন্তু তার শ্বশুরবাড়ি থেকে তার সঙ্গে কথা বলতে দেওয়া হয় নাই। আমরা তখন বুঝতে পারি নাই আমাদের সাহেদার কপালে মরণ লেখা আছে। পরের দিন ২৩ মার্চ ভোর ছয়টার দিকে আমাদের খবর দেওয়া হয়, সাহেদা গলায় ফাঁস দিয়া মারা গেছে।’—আপনারা তখন থানায় গিয়েছিলেন? ‘হ্যাঁ, আমরা কয়েকজন থানায় যাই। তখন দারোগা সাহেব জানান, অভিযোগ ছাড়া মামলা নেওয়া যাবে না। পরে ছিদ্দিক নামের এক লোককে পুলিশই ফোন করে নিয়ে যায় এবং অভিযোগ লিখে সাহেদার মাকে সই করতে বলে। পরে জানতে পারি ওই লোক আসামিদের আত্মীয়।’—পুলিশের পদক্ষেপ কী ছিল?‘পুলিশ ঘটনার জায়গায় যায়। কিন্তু আসামিদের কোনো জিজ্ঞাসাবাদ করে নাই এবং গ্রেপ্তারেরও উদ্যোগ নেয় নাই। এর কারণ হইল, সাহেদার শ্বশুর এলাকার প্রভাবশালী লোক। এবার ইউপি নির্বাচনে নাকি প্রার্থী হবেন।’পুলিশের এফআইআর দেখলাম। দেওয়া আছে, দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় সহায়তা ও প্ররোচনাদানের অপরাধে...। সাহেদার চাচাকে বললাম, ‘সে তো আপনাদের আগেই বলেছিল যৌতুকের কারণে নির্যাতনের কথা।’ ‘হ্যাঁ, বলেছিল। কিন্তু মেয়েটা অনেক চাপা স্বভাবের ছিল। বুক ফাটে তো মুখ ফোটে না। তবু মাঝেমধ্যে বলত। কান্নাকাটি করত। আমরা সান্ত্বনা দিয়ে বলতাম, সব ঠিক হইয়া যাবে।’সাহেদার চাচার কাছ থেকে জানতে পারি, বিয়ের পরপরই সাহেদা যখন গর্ভবতী হয়, তখন এ সন্তান নিয়েও তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা অপবাদ দিয়েছিল। সাহেদার বিয়ের উকিল-বাবা সাহেদার চাচাকে বলেছিলেন এসব কথা। মৃত্যুর দুই দিন আগেও তাঁর সন্তানকে নিয়ে অপবাদ দেওয়া হয়েছিল বলে জানা যায়। তখন সাহেদা হাত-পায়ে ধরে তাঁর শ্বশুরকে জানান, এ সন্তান তাঁর ছেলেরই। পুলিশের তদন্ত কর্মকর্তাকে সাহেদার চাচা এ কথা বললে তদন্ত কর্মকর্তা বলেন, তিনি খোঁজ নিয়ে জেনেছেন, বিয়ের পরও সাহেদা রজঃস্বলা ছিলেন এবং এরপর অন্তঃসত্ত্বা হন। সাহেদার চাচা পুলিশের এজাহার নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তাই ব্রাহ্মণবাড়িয়ার জেলা বারের দুজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করে নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন গত ৩ এপ্রিল। এতে বাদী হন সাহেদার মা হানুফা বেগম। নারী ও শিশুনির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩)-এর ১১ (ক) এবং ৩০ ধারায় মামলাটি রুজু করা হয়। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের বিচারক আগের করা মামলাটির তদন্ত কর্মকর্তা খায়রুল বাশারকে ডেকে নিয়ে ভর্ৎসনা করেন বলে ইদ্রিস জানান। বিচারক ওই তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞেস করেন, কেন নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলাটি এফআইআর করা হয়নি। এ মামলায় আসামি করা হয় সাহেদার স্বামী পুলিশ কনস্টেবল জামাল মিয়াসহ আরও চারজনকে। টেলিফোনে কথা বলি জামাল মিয়ার সঙ্গে। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তিনি। তিনি বলেন, ‘আমার স্ত্রী মানসিক রোগী ছিলেন, তাই আত্মহত্যা করেছেন। আমি তাঁর কাছ থেকে যৌতুক চেয়েছি কিংবা যৌতুকের জন্য নির্যাতন করেছি, এটা যদি কেউ প্রমাণ করতে পারেন, তাহলে যেকোনো শাস্তি মাথা পেতে নেব।’জিজ্ঞেস করি, আপনার স্ত্রী মানসিক রোগী জেনেও চিকিৎসা করার উদ্যোগ নিয়েছিলেন? ‘না। কারণ, তাঁর মা-চাচারা বলেছিলেন, কবিরাজি চিকিৎসা করাবেন। সাহেদাকে নাকি জিন আছর করেছে।’সাহেদার স্বামীর এসব তথ্য অস্বীকার করেন সাহেদার চাচা ইদ্রিস চৌধুরী। সাহেদার পরিবারের এখন দিন কাটছে তাদের মেয়ের এই অপমৃত্যুর সত্য উদ্ঘাটনের অপেক্ষায়। তারা এ ঘটনার ন্যায় বিচার দাবি করেছে। জানতে পারি, প্রায় চার মাস বয়সী শিশুটি এখন তার বাবার হেফাজতে আছে। সাহেদার পরিবারকে জানতে দেওয়া হচ্ছে না মা-হারা ছেলেটি এখন কেমন আছে। সাহেদা ছেলেটার নাম রেখে গিয়েছিলেন ‘জীবন’। জীবন বড় হচ্ছে মায়ের আদর-যত্ন ছাড়া। কেমন করে বেড়ে উঠছে শিশুটি এ নিয়ে সাহেদার পরিবার শঙ্কিত। শিশুটির যখন বোঝার মতো বয়স হবে, যখন সে জানতে পারবে তার মায়ের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, কিন্তু জানতে পারবে না তার মা আত্মহত্যা করেছিলেন নাকি ছিলেন হত্যার বলি, বাবা তার মাকে যৌতুকের জন্য নির্যাতন করতেন কি না—তখন সে কি আর দশটা ছেলের মতো নিজেকে স্বাভাবিক ভাবতে পারবে? ছোট্ট জীবনের জীবনে মাকে হারানোর কষ্টটা ধীরে ধীরে যখন জন্মাতে থাকবে তখন তার এই পৃথিবীটা কী নিষ্ঠুর লাগবে তার কছে! সাহেদার এক জীবন হারাতে হলেও তার ছোট্ট শিশু জীবন সুন্দরভাবেই বেঁচে থাকবে—এটিই আমাদের প্রত্যাশা।পাদটীকা: দণ্ডবিধির ৩০৬ ধারা অনুযায়ী, কাউকে আত্মহত্যার জন্য প্ররোচনা দিলে দায়ী ব্যক্তির ১০ বছর পর্যন্ত জেল এবং জরিমানা হবে। নারী ও শিশুনির্যাতন দমন আইন (সংশোধনী২০০৩) এর ১১(ক) ধারা অনুযায়ী, যৌতুকের কারণে মৃত্যু ঘটালে দায়ী ব্যক্তির মৃত্যদণ্ড এবং মৃত্যুর ঘটনার চেষ্টার জন্য যাবজ্জীবন কারাদণ্ড হবে এবং উভয়ক্ষেত্রে জরিমানাও হবে।[email protected]