সাড়ে আট হাজার গ্রামীণ ডাকঘর ই-সেন্টার হচ্ছে
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেছেন, ডাকসেবা আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে। অচিরেই দেশের প্রায় আট হাজার ৫০০ গ্রামীণ ডাকঘরকে ই-সেন্টারে পরিণত করা হবে।আজ সোমবার ঢাকায় ডাক সার্ভিস আধুনিকায়ন-বিষয়ক ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন ও বাংলাদেশ ডাক বিভাগ আয়োজিত চার দিনব্যাপী আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিত ওই কর্মশালায় বাংলাদেশ, মালদ্বীপ, মালয়েশিয়া, হংকং, শ্রীলঙ্কা, ইরান, ভুটান ছাড়াও আন্তর্জাতিক পোস্টাল ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন।রাজিউদ্দিন আহমেদ বলেন, জনগণের চাহিদা পূরণ এবং ডাক বিভাগকে প্রতিযোগিতায় এগিয়ে নিতে এরই মধ্যে মোবাইল মানি অর্ডার চালু করা হয়েছে। তিনি ডাক বিভাগের উন্নয়নে ১৮৯৮ সালের পোস্ট অফিস অ্যাক্টের সংশোধন, বেসরকারি কুরিয়ার সার্ভিসের জন্য নীতি প্রণয়নসহ বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়নের অজয় কুমার রায় ও সুরেশ কুমার মানসুয়ালী এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন বক্তৃতা করেন।