সাড়ে চার ঘণ্টা পর রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে বাস চলাচল শুরু
প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী-কুষ্টিয়া ও রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কে বাস চলাচল শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বাস ও ব্যাটারিচালিত অটোবাইক চালকদের মধ্যে সমঝোতা বৈঠকের পর আবারও বাস চলাচলের সিদ্ধান্ত হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে ব্যাটারিচালিত অটোবাইক চলাচল নিয়ে বাসশ্রমিক ও অটোবাইক চালকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের উত্তেজিত শ্রমিকেরা ২০টি অটোবাইক ও তিনটি বাস ভাঙচুর করেন। সংঘর্ষে কাজী কাওছার (২২) ও আলমগীর হোসেন (২৪) নামে অটোবাইকের দুজন চালক আহত হন। তাঁদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর পর থেকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ ছিল।রাজবাড়ী জেলা ব্যাটারিচালিত অটোবাইক চালক সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুত্কুমার সাহা দাবি করেন, আজ বাসশ্রমিক ও চালকেরা রাজবাড়ী সদর উপজেলার বানিবহ, বাগমারা, মুরগির ফার্ম এলাকায় অন্তত ১৫-২০টি অটোবাইক ভাঙচুর করেন।জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার সাহা দাবি করেন, অটোবাইক চালকেরা মুরগির ফার্ম ও বানিবহ এলাকায় তিনটি লোকাল বাস ভাঙচুর করেন।এ ঘটনার প্রতিবাদে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে দুপুর ১২টা থেকে যান চলাচল বন্ধ করে দেন। জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী প্রথম আলোকে বলেন, বাস ও অটোবাইক চালকদের মধ্যকার জরুরি বৈঠকে সমস্যা সমাধান হয়ে গেছে। বৈঠক শেষে বিকেল সাড়ে চারটার দিকে বাসসহ অন্যান্য যানবাহন চলাচল শুরু হয়েছে।