সাড়ে তিন কোটি টাকার ভবন চার লাখ টাকার জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত জেলা শিল্পকলা একাডেমী ভবন ঝালকাঠির সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে কোনো কাজেই আসছে না। নির্মাণকাজ শেষ হলেও মাত্র চার লাখ টাকা বরাদ্দের অভাবে ভবনটি জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করতে পারছে না গণপূর্ত বিভাগ।ঝালকাঠি জেলা গণপূর্ত বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৪ সালের এপ্রিল মাসে তিন কোটি ৩১ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ জেলা শিল্পকলা একাডেমী ভবনের নির্মাণকাজ শুরু করে। রহমান ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ২০০৬ সালের ৩০ মার্চ মূল ভবনের নির্মাণকাজ শেষ করে। কিন্তু কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আগেই ২৪ এপ্রিল ২০০৬ সালে তৎকালীন সরকার ঝালকাঠি শিল্পকলা একাডেমী ভবনকে সাব জেল ঘোষণা করে। এরপর এখানে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের আমির শায়খ আবদুর রহমানসহ ছয়জন শীর্ষ জঙ্গিকে রাখা হয়। বিচারক হত্যার দায়ে জঙ্গিদের ফাঁসির রায় হওয়ার পর একই বছরের ১১ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমীকে সাব জেল থেকে অবমুক্ত ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুনরায় কাজ শুরুর আগেই ২০০৭ সালের ১১ জানুয়ারি থেকে শিল্পকলা একাডেমী ভবনকে সেনাক্যাম্প হিসেবে ব্যবহার শুরু করা হয়। ৩১ জানুয়ারি পর্যন্ত তা অব্যাহত থাকে। ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল গণি জানান, জেলখানা ও সেনাক্যাম্প হিসেবে ব্যবহারের কারণে শিল্পকলা একাডেমী ভবনের কিছু কক্ষের আকারের পরিবর্তন ঘটে এবং জানালা ও দরজা বাদ দিয়ে জেলখানার উপযোগী গ্রিল বসানো হয়। আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া এবং কিছু কিছু কাজের সংস্কার করার জন্য চার লাখ টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শেষ করে জেলা প্রশাসনের কাছে ভবনটি হস্তান্তর করা হবে।ঝালকাঠি সাংস্কৃতিক সমন্বয় পরিষদের আহ্বায়ক মানিক রায় বলেন, ‘সাব জেল ঘোষণার সময় সাংস্কৃতিক কর্মীরা প্রতিবাদ করেছিলেন, কিন্তু সে প্রতিবাদ কোনো কাজেই আসেনি। উদ্বোধনের আগেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু শিল্পকলা একাডেমীতে জঙ্গিদের পদচারণ আমাদের জন্য দুঃখজনক।’ জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সদস্য মনোয়ার হোসেন খান বলেন, ‘মাত্র চার লাখ টাকার জন্য সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে মূল ভবনের নির্মাণকাজ শেষ করে হস্তান্তর করা যাচ্ছে না। এটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক।আশা করছি, সরকার বিষয়টি বিবেচনা করবে।’ ঝালকাঠি প্রতীক নাট্যগোষ্ঠীর সহসভাপতি কাজী শফিকুল ইসলাম বলেন, সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ভবনটির নির্মাণকাজ শুরু করে। কিন্তু যথাসময়ে নির্মাণকাজ শেষ না হওয়ায় সাংস্কৃতিক কর্মীরা কোথাও একটুি বসার জায়গা পাচ্ছেন না। জেলা প্রশাসক মো. ইলিয়াছ লস্কর বলেন, ‘গণপূর্ত বিভাগ মন্ত্রণালয়ে যে প্রস্তাব পাঠিয়েছে, তা অনুমোদন করার জন্য আমিও ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি।’