সাড়ে তিন বছর পর নির্বাচনী এলাকায় যাচ্ছেন খালেদা
প্রায় সাড়ে তিন বছর পর নিজের নির্বাচনী এলাকায় যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। আজ রোববার চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় তিনটি পথ সভায় অংশ নেবেন তিনি।পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করারও কথা রয়েছে তাঁর। খালেদা জিয়ার আগমন উপলক্ষে স্থানীয় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিপুল উত্সাহ উদ্দীপনা বিরাজ করছে।পরশুরাম উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান জানান, ২০০৮ সালে নির্বাচনের আগে এ এলাকায় এক পথসভায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিয়েছিলেন খালেদা জিয়া। এরপর এ এলাকায় তাঁর আর কোনো কর্মসূচি ছিল না।চলতি বছরের শুরুতে খালেদা জিয়া ফেনীর পাইলট হাইস্কুল মাঠে এক জনসভায় বক্তব্য দেন। তবে তখন তিনি তাঁর নিজ নির্বাচনী এলাকায় যাননি।উল্লেখ্য, নবম জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) থেকে বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছেন।