লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ‘সিলিকোসিস’ রোগে আক্রান্ত ১০০ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। পাটগ্রামে এই রোগে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) গতকাল বুধবার এক মতবিনিময় সভায় এ তথ্য জানায়। পাটগ্রামে শহীদ আফজাল মিলনায়তনে গতকাল বিলসের মতবিনিময় সভায় বুড়িমারীতে পাথর গুঁড়া করার কাজে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় নিয়ে আলোচনা হয়।পাটগ্রাম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সিলিকোসিসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০০৯ সাল থেকে গত জুন পর্যন্ত তাদের মৃত্যু হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসকেরা গত জুলাইয়ের শেষ দিকে পাটগ্রামের ৩৮৬ জন শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করেন। এতে তাঁরা সিলিকোসিসে আক্রান্ত ১০০ জন রোগী শনাক্ত করেন। এদের মধ্যে গুরুতর আক্রান্ত ১১ জনকে ঢাকায় নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে বিলস।বিলস বুড়িমারীর পাথরশ্রমিকদের নিয়ে কয়েক মাস ধরে কাজ করছে। সম্প্রতি সংস্থাটির সঙ্গে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের একটি দল বুড়িমারীতে সিলিকোসিস রোগ নিয়ে কাজ শুরু করে। এই দলের চিকিৎসক ও গবেষকেরা এ রোগের বিভিন্ন দিক তুলে ধরেন।ওই দলের একজন জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ও সিলিকোসিস বিশেষজ্ঞ ফজলে রাব্বী মোহাম্মদ জানান, অনেক দেশেই সিলিকোসিস পুরোনো হলেও বাংলাদেশে নতুন। ২০০৩ সালে ঢাকায় একবার এই রোগের সংক্রমণের আশঙ্কা করা হয়। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় তা শনাক্ত করা সম্ভব হয়নি।ফজলে রাব্বী জানান, মুক্ত সিলিকার ক্রিস্টাল বা সিলিকন ডাই-অক্সাইড নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে ঢুকলে এ রোগ হয়। সিলিকার কণা ঢুকলে তা ফুসফুসের কর্মক্ষমতা ধীরে ধীরে নষ্ট করতে থাকে। একপর্যায়ে ফুসফুস কর্মক্ষমতাই হারিয়ে ফেলে। তিনি আরও জানান, এ রোগে আক্রান্ত হলে শরীর ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে এবং শ্বাসকষ্ট, কাশি, জ্বর ও ক্ষুধামন্দা দেখা দেয়। শুরুতেই এর চিকিৎসা করা না হলে পরে ওই রোগীকে আর বাঁচানো সম্ভব হয় না।গবেষকদের সঙ্গে কথা বলে জানা যায়, পাথর কাটা ও গুঁড়া করার কাজে নিয়োজিত শ্রমিকদের এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বুড়িমারী স্থলবন্দরে দীর্ঘদিন ধরে শত শত শ্রমিক মেশিনে পাথর গুঁড়া করার কাজ করছেন। শ্বাস গ্রহণের সময় এই শ্রমিকদের অনেকের ফুসফুসে সিলিকার ক্রিস্টাল ঢোকে। এতে এঁদের সিলিকোসিস রোগে আক্রান্তের আশঙ্কা বেশি।সিলিকোসিসে আক্রান্ত বুড়িমারীর বানিয়াপাড়ার পাথরশ্রমিক হবিবর রহমান (৩৫) জানান, প্রায় দুই বছর ধরে তিনি অসুস্থ। ঢাকাসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হননি। অসুস্থ আরেক শ্রমিক নূর আমিন (৩৫) জানান, তিনি মেশিনে পাথর ভাঙার কাজ করে অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসা নিয়ে তাঁর অবস্থা কিছুটা উন্নতির দিকে। বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক হাফিজুর রহমান জানান, পাটগ্রামে সিলিকোসিস রোগী খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলেই ভালো।বিলসের গবেষণা ও প্রকল্প উন্নয়ন কর্মকর্তা আফজাল কবির খান সাংবাদিকদের বলেন, পাটগ্রামের বুড়িমারীতে আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।পাটগ্রামে গতকালের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যন রুহুল আমিন। উপস্থিত ছিলেন বিলসের সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেঞ্চদ, গবেষণা ও প্রকল্প উন্নয়ন কর্মকর্তা আফজাল কবির খান, বক্ষব্যাধি হাসপাতালের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হাফিজুর রহমান, সিলিকোসিস বিশেষজ্ঞ ফজলে রাব্বী মোহামঞ্চদ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষজ্ঞ চিকিৎসক তাপস বোস প্রমুখ।