সাড়ে তিন লাখ গবাদিপশুর জন্য একজন কম্পাউন্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা পশুসম্পদ কার্যালয় এখন চিকিত্সকশূন্য হয়ে পড়েছে। চিকিত্সক না থাকায় ওই এলাকার খামার ও গবাদিপশুর মালিকেরা চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। একজন কম্পাউন্ডার কোনো মতে চিকিত্সাসেবা চালিয়ে গেলেও দেখার কেউ নেই। যে কারণে দেশের মধ্যে বৃহত্তম দুগ্ধ উত্পাদনকারী এলাকাটি থেকে দুগ্ধ উত্পাদনে চরম ঘাটটি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া তালগাছী গ্রামে একটি পশুচিকিত্সালয় থাকলেও সেখানে প্রায় দুই বছর ধরে কোনো লোকজন না থাকায় এলাকার লোকজন পশুর চিকিত্সা থেকে বঞ্চিত হচ্ছে।সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পশুসম্পদ কার্যালয় ও এলাকার খামারের মালিকদের অভিযোগে জানা গেছে, প্রায় দেড় বছর ধরে ওই কার্যালয়ে পশুসম্পদ কর্মকর্তার পদ শূন্য রয়েছে। একজন ভেটেরিনারি সার্জন দায়িত্ব পালন করলেও দুই মাস ধরে পদোন্নতির কারণে তিনিও বদলি হয়ে গেছেন। বর্তমানে একজন কম্পাউন্ডার শুধু প্রাথমিক চিকিত্সাসেবা চালিয়ে যাচ্ছেন। যে কারণে এলাকার খামার ও গবাদিপশুর মালিকেরা তাঁদের পশুগুলো নিয়ে চরম বিপাকে পড়েছেন।সূত্রটি আরও জানায়, উপজেলায় দুই হাজার ৩৯৩টি রেজিস্ট্রেশন করা এবং রেজিস্ট্রেশনবিহীন এক হাজার ৩০০টি, মোট তিন হাজার ৬৯৩টি খামার রয়েছে। সব খামার মিলিয়ে তিন লাখ ৪৫ হাজার ৭৮৫টি গবাদিপশু রয়েছে। বর্তমানে শীতের মৌসুমে ওসব গবাদিপশু ভাইরাসজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বর্তমানে ওই গবাদিপশুগুলো চিকিত্সাসেবা থেকে বঞ্চিত, যার সিংহভাগই উন্নত জাতের গাভি। এসব গাভি থেকে দেশের বৃহত্তর দুগ্ধ উত্পাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটাসহ বেসরকারি প্রতিষ্ঠানে দুধ সরবরাহ হয়ে থাকে, যে দুধে সারা দেশের পুষ্টিচাহিদার মেটানো হয়।শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের আলমগীর জাহান বাচ্চু জানান, তাঁর খামারের ২০টি গাভির মধ্যে ১০টি গাভি ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে। শাহজাদপুর পশুসম্পদ কার্যালয়ে চিকিত্সার জন্য গিয়ে কোনো চিকিত্সক পাননি। তা ছাড়া এবার গবাদিপশুর জন্য তড়কা, ক্ষুরারোগের টিকা এ পর্যন্ত দেওয়া হয়নি। তালগাছী গ্রামের এমদাদুল হক জানান, প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে তালগাছী হাট চত্বরে একটি পশুপাখি চিকিত্সাকেন্দ্র চার বছর আগে খোলা হয়। প্রথম দিকে একজন চিকিত্সক থাকলেও দুই বছর ধরে এখানে কোনো লোকজন নেই। চিকিত্সার অভাবে এলাকার প্রায় শতাধিক ছাগল পিপিআর রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। কর্মরত কম্পাউন্ডার আনিসুর রহমান জানান, প্রতিদিন শতাধিক পশু আসছে। কিন্তু প্রাথমিক চিকিত্সা ছাড়া কিছুই করা সম্ভব হচ্ছে না। বেলকুচি উপজেলা পশুপালন কর্মকর্তাকে এলাকার প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মৌখিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।কর্মস্থলে থাকা চিকিত্সক আবদুল হাই বলেন, ভেটেরিনারি সার্জন থেকে পদোন্নতি পাওয়ায় বেলকুচিতে বদলি হয়েছি। বর্তমানে এলাকার শতাধিক মাঠকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য জেলা পশুসম্পদ কার্যালয়ের কর্মকর্তার মৌখিক নির্দেশে সপ্তাহে দুই দিন সকালে প্রশিক্ষণের ক্লাস নিয়েই নিজের কর্মস্থলে চলে যেতে হয়। যে কারণে এখানে কোনো পশুর চিকিত্সা দেওয়া সম্ভব হয় না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।সিরাজগঞ্জ জেলা পশুসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানানো হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই একজন চিকিত্সক শাহজাদপুর পশুসম্পদ কার্যালয়ে দেওয়া হবে।