সাড়ে সাত হাজার বছর আগে পনির!
দুগ্ধজাত নোনতা খাবার পনির বিশ্বের অনেক দেশে বেশ আদরণীয় খাবার। বিজ্ঞানীরা দাবি করছেন, এই পুষ্টিকর খাবারটি মানুষ সাড়ে সাত হাজার বছর আগে তৈরি করত। এ ব্যাপারে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। নেচার সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধের বরাত দিয়ে গতকাল বুধবার রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানানো হয়।যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক মানুষের তৈরি সাড়ে সাত হাজার বছরের পুরোনো পনির আবিষ্কারের কথা দাবি করেছেন। যুক্তরাষ্ট্র ও পোল্যান্ডের গবেষকেরা এ কাজে তাঁদের সহযোগিতা করেন। পোল্যান্ডের কুয়াভিয়া অঞ্চল থেকে পাওয়া সাড়ে সাত হাজার বছর পুরোনো একটি মাটির পাত্রের টুকরো পরীক্ষা করে বিজ্ঞানীরা দাবি করেন, পনির বানাতে যেমন ছাঁকুনিযুক্ত পাত্র ব্যবহার করা হয়, সে ধরনের পাত্রের সঙ্গে ওই মাটির পাত্রের অনেকটা রয়েছে। পনির বানানোর জন্য দুধ থেকে ননী ও ল্যাকটোজ সমৃদ্ধ ঘোল আলাদা করার কাজে এ ধরনের পাত্র ব্যবহার করত সে যুগের মানুষ।পিটার বোগুকি নামের একজন গবেষক বলেন, ‘ওই সময় পনির তৈরির মাধ্যমে দুধে ল্যাকটোজের মাত্র কমানো হতো। সে কালের মানুষ এ কালের মানুষের মতো দুধে ল্যাকটোজ তেমন সইতে পারত না। ’পোল্যান্ডের ওই এলাকা থেকে পাওয়া অন্যান্য মাটির পাত্রগুলো পানি সংরক্ষণ ও মাংস রান্নার মতো নির্দিষ্ট কাজে ব্যবহার করা হতো বলে মনে করছেন গবেষকরা। এ পর্যন্ত কয়েক হাজার বছর পুরোনো যেসব প্রাচীর চিত্রে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণের চিত্র দেখতে পাওয়া গেছে, সেগুলোর চেয়ে এই মাটির পাত্রের টুকরোটি অনেক পুরোনো।