বিটিসিএল ‘মেরামত ও সংরক্ষণের’ নামে এসব আর্থিক অনিয়ম চিহ্নিত করা হয়েছে
সাড়ে ১১ কোটি টাকার অনিয়ম, ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানির (বিটিসিএল) সাড়ে ১১ কোটি টাকার অনিয়মের বিষয়ে দুই বছরেও কোনো ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়। বিটিসিএলের বিভিন্ন কার্যালয়ে নানা ‘মেরামত ও সংরক্ষণের’ নামে ২০০৬-০৭ অর্থবছরে এসব আর্থিক অনিয়ম চিহ্নিত হয় বলে জানা গেছে। সে সময় এ প্রতিষ্ঠানটি পরিচিত ছিল বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) নামে। এ নিয়ে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিভিন্ন সময় চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ চিঠি ২০০৮ সালে দেওয়া হয়। কিন্তু আজও মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি গত সরকারের সময়কার অনিয়ম। তাই পুরো নথিপত্র না দেখে কিছু বলা সম্ভব নয়।’অনুসন্ধানে জানা গেছে, সরকারি আর্থিক বিধিবিধানে (জেনারেল ফিনান্সিয়াল রুলস) ‘কোনও মতেই বরাদ্দের অতিরিক্ত ব্যয় করা যাবে না’ বলা হলেও ২০০৬-০৭ অর্থবছরে বিটিটিবির ১৯টি কার্যালয়ের কোথাও এ নিয়ম মানা হয়নি। বরং রক্ষণাবেক্ষণ খাতে বাজেটের চেয়ে নয় কোটি ২২ লাখ ৫০ হাজার ৪১৩ টাকা অতিরিক্ত ব্যয় করা হয়। এই অতিরিক্ত ব্যয় বন্ধের জন্য তৎকালীন পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের নির্দেশও (স্মারক: ৪-২৮/২০০৬-২০০৭, তারিখ: ৫-১১-২০০৬) মানা হয়নি।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, একই সময়ে বিটিটিবির ১৪টি কার্যালয়ে টেলিফোন এক্সচেঞ্জের সুইচ রুম, এমডিএফ রুম ও ট্রাংক রুমের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও মেরামতের নামে বাইরের অদক্ষ শ্রমিকের মজুরি বাবদ প্রায় ১৬ লাখ টাকা ব্যয় দেখানো হয়। এ ব্যয়কে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হিসেবে এক নীরিক্ষায় উল্লেখ করা হয়েছে। কারণ ওই সময়ে কার্যালয়গুলোর প্রতিটিতে প্রয়োজনীয় লোকবল ছিল বলে প্রতিষ্ঠানের বার্ষিক বিবরণীতে উল্লেখ রয়েছে। তা ছাড়া প্রতিষ্ঠানের যন্ত্রপাতি সমৃদ্ধ এসব সংবেদনশীল কক্ষে বহিরাগত শ্রমিক বা অন্য কারও প্রবেশাধিকার নেই। জানতে চাইলে বিটিসিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ খান বলেন, ২০০৮ সালে কোম্পানি হওয়ার পর পুরো প্রতিষ্ঠানের কাজের পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। এখন আর এ ধরনের অতিরিক্ত ব্যয় বা বাইরের অদক্ষ লোক নিয়োগের সুযোগ নেই।এ ছাড়া একই অর্থবছরে বিটিটিবির বিভিন্ন বিভাগীয় প্রকৌশল অফিসের যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজের নামে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৪০ লাখ ৬১ হাজার টাকা নগদে পরিশোধ করা হয়। এটাও আর্থিক অনিয়ম হিসেবে নিরীক্ষায় চিহ্নিত হয়েছে। কারণ নিয়মানুযায়ী নগদে ঠিকাদারের বিল পরিশোধের সুযোগ নেই। পরিশোধ করতে হবে ব্যাংকের চেকের মাধ্যমে।মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সিএজি দপ্তর থেকে এ ধরনের অনিয়মের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে একাধিকবার জানানো হয়েছে। জানতে চাইলে আবু সাঈদ খান প্রথম আলোকে বলেন, বিষয়টি একান্তই মন্ত্রণালয়ের। তবে বিটিসিএলের কার্যক্রমে যেন এসব অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য নিরীক্ষা বিভাগ থেকে পাওয়া সুপারিশ মেনে চলা হবে। অনুসন্ধানে জানা যায়, ২০০৬-০৭ অর্থবছরে নিয়মিত জনবল থাকা সত্ত্বেও ‘কাজ নাই মজুরী নাই’ ভিত্তিতে বিটিটিবির পাবনা ও বগুড়া কার্যালয়ে শ্রমিক নিয়োগ দেওয়া হয়। তাদের মজুরি বাবদ এক লাখ ৩২ হাজার ২৬০ টাকা পরিশোধ করা হয়। অথচ তখন ‘দৈনিক ভিত্তিক বহিরাগত শ্রমিক নিয়োগ ও তাদের মজুরী পরিশোধ বন্ধের’ ব্যাপারে মন্ত্রণালয়ের নির্দেশ জারি ছিল। একইভাবে ভূগর্ভস্থ তার মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজের নামে বাইরের শ্রমিকদের মজুরির হিসাব পাওয়া গেছে। কিন্তু কোথায় কতটুকু কাজ হয়েছে, সেটার কোনো হিসাব নথিপত্রে নেই বলে সিএজি জানিয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে তার মেরামতে যে হিসাব দেখানো হয়েছে, তা ভুয়া। স্থানীয় সরকার বিভাগ ওই সময়ে তার মেরামতে কোনো রাস্তা কাটার অনুমতি দেয়নি। এমনকি বিভিন্ন নথিপত্রে তার প্রতিস্থাপনের কথা বলা হলেও পুরোনো তার ভান্ডারে জমা করার প্রমাণ নেই। এভাবে ২৬টি কার্যালয়ে প্রায় ৫৭ লাখ টাকার অনিয়ম চিহ্নিত হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। একইভাবে ঝুলন্ত তার (ওভারহেড কেব্ল) মেরামতেও প্রায় ৩৪ লাখ টাকার অনিয়ম ধরা পড়েছে। এ খাতে কুলি নিয়োগ ও তাদের মজুরি হিসেবে খরচ দেখানো হয় আরও সাত লাখ টাকা। বিটিটিবির চারটি কার্যালয়ে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি (ইউএইচএফ) স্টেশনের রেকটিফায়ার, চ্যানেল মডিউল ও অন্যান্য যন্ত্রপাতি মেরামতে বাইরের শ্রমিকের মজুরি হিসেবে ব্যয় দেখানো হয় পাঁচ লাখ ১৭ হাজার টাকা। এ রকম নানা অনিয়মসহ ‘ভান্ডারের মালামাল ছাড়া কীভাবে মেরামতকাজ সম্পন্ন হলো’—এ সম্পর্কে জানতে চেয়ে সিএজি দপ্তর থেকে মন্ত্রণালয়ের কাছে তাগাদাপত্র ও আধা-সরকারি চিঠি পাঠানো হয় বিভিন্ন সময়ে। কিন্তু কোনো জবাব মেলেনি বলে জানা গেছে। এসব অনিয়ম প্রসঙ্গে বিটিসিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রথম আলোকে বলেন, ওই অর্থবছরের প্রতিটি অনিয়ম এখন নিরীক্ষা বিভাগের হাতে। নিরীক্ষা বিভাগ যেসব অনিয়ম খুঁজে পেয়েছে, তা নিয়ে সরকারের উচ্চপর্যায় থেকে যেভাবে আদেশ দেওয়া হবে, সেভাবেই পালন করা হবে। সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, সংস্থাপন মন্ত্রণালয়ের জারি করা আদেশ অনুযায়ী প্রকল্পের মেয়াদ পার হওয়ার পরে তিন মাস রাজস্ব খাত থেকে কর্মকর্তা-কর্মচারীকে বেতন-ভাতা দেওয়া যাবে। এর পরে নয়। কিন্তু ২০০৬-০৭ অর্থবছরে এ নিয়ম লঙ্ঘন করে ঢাকার শেরেবাংলা নগরের শীতাতপ নিয়ন্ত্রণ বিভাগ ও চট্টগ্রামের বিভাগীয় প্রকৌশলীর দপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা হিসাবে অর্ধকোটি টাকারও বেশি ব্যয় দেখানো হয়, যা অনিয়ম হিসেবে চিহ্নিত হয়েছে। শেরেবাংলা নগরের শীতাতপ নিয়ন্ত্রণ বিভাগের তৎকালীন (২০০৬-০৭) বিভাগীয় প্রকৌশলী নেছারউদ্দীন প্রথম আলোর কাছে দাবি করেন, ‘ওই অর্থবছর তো দূরের কথা, কখনো ওই বিভাগে কোনো প্রকল্প পদ ছিল না। তাই রাজস্ব খাত থেকে বেতন-ভাতা দেওয়ার প্রশ্নই ওঠে না।’ তিনি বলেন, ওই অর্থবছরে সাভারের বিভাগীয় প্রকৌশলীর (ফোন্স) অধীন কিছু প্রকল্প পদ ন্যস্ত করা হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে সেসব কর্মকর্তা-কর্মচারীর বেতনের চেক শেরেবাংলা নগর থেকে ইস্যু করা হতো।