সাড়ে ১২টায় টিকিট শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র সাড়ে তিন ঘণ্টায় কমলাপুর রেলস্টেশনে ট্রেনের নির্ধারিত অগ্রিম টিকিট বিক্রি শেষ! আগের রাত থেকে লাইন ধরে অপেক্ষা করছিলেন এমন বহু মানুষকে গতকাল মঙ্গলবার হতাশ হতে হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, অগ্রিম টিকিটের চাহিদা আসনের তুলনায় অনেক বেশি। গতকাল মঙ্গলবার বেলা একটায় কমলাপুর স্টেশনের অধিকাংশ টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। সকাল থেকে ১৮টি কাউন্টারের সামনে ছিল হাজারো টিকিটপ্রত্যাশীর সারি। ১৬ আগস্টের অগ্রিম টিকিট কিনতে আসা লোকের সারি স্টেশন চত্বর পার হয়ে নামে রাস্তায়। পোশাকশিল্পের কর্মী রেহানা খাতুন ঈদের ছুটিতে রাজশাহী যাবেন নবজাতক নাতির মুখ দেখতে। কিন্তু সেহির থেকে অপেক্ষা করেও টিকিট কিনতে পারেননি। আজ বুধবার রাত ১০টার মধ্যেই এসে আবারও লাইনে দাঁড়াবেন বলে জানান তিনি। ১০-১২ ঘণ্টা অপেক্ষা করেও টিকিট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রাশেদ আহমেদ, জয়নাল মিয়া, আলী আব্বাস, নয়নসহ আরও অনেকে।খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন গন্তব্যে প্রায় ১৩ হাজার অগ্রিম টিকিট ইস্যু করা হয়েছে। মুহূর্তের মধ্যে দিনের নির্ধারিত টিকিট শেষ হয়ে যাচ্ছে। খোলার কয়েক ঘণ্টা পরই কাউন্টার বন্ধ করে দেন ঢাকা-রংপুর কাউন্টারের টিকিট বিক্রেতা রাসেল। কারণ জানতে চাইলে তিনি বলেন, চাহিদামতো টিকিট দিতে না পারায় লোকের ক্ষোভের শিকার হওয়ার আশঙ্কায় কিছু টিকিট থাকতেই কাউন্টার বন্ধ করে দেওয়া হচ্ছে। রাসেল বলেন, ‘মানুষগুলো সারা রাত কাউন্টারের সামনে বসে অপেক্ষা করেন, কিন্তু তাঁদের চাহিদামতো টিকিট দিতে পারছি না, এতে আমাদেরই খারাপ লাগে।’ নাম না প্রকাশের শর্তে ঢাকা-চট্টগ্রাম কাউন্টারের এক টিকিট বিক্রেতা বলেন, কিছু টিকিট বিক্রি করা হচ্ছে না। এগুলো শেষ মুহূর্তে অবস্থা বুঝে ‘ভিআইপিদের’ দেওয়া হবে। স্টেশনমাস্টার নৃপেন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, এবার অগ্রিম বিক্রির জন্য ১২ হাজার ৯৪৯টি টিকিট ইস্যু করা হয়েছে। এর মধ্যে তিন হাজার ২৬৪টি টিকিট (২৫ শতাংশ) অনলাইনে বা মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে কেনার ব্যবস্থা ছিল। ৫ শতাংশ ভিআইপি ও ৫ শতাংশ রেলের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সংরক্ষিত। এ ছাড়া রেগুলার কোটায় আরও ৬৪২টি আসন আলাদাভাবে সংরক্ষিত। কাউন্টারে গ্রাহকদের চাহিদা সাপেক্ষে বিক্রি হবে সাত হাজার ৭৩৩টি টিকিট। এ ছাড়া পার্বতীপুর স্পেশাল, দেওয়ানগঞ্জ স্পেশাল ও খুলনা স্পেশালের আসন অগ্রিম টিকিটের হিসাবে ধরা হয়নি। ঈদের আগে-পরে প্রয়োজন বুঝে যাত্রীদের টিকিট দেওয়া হবে বলে জানান নৃপেন্দ্র সাহা। আজ বুধবারের টিকিট কিনতে গতকাল দুপুর ১২টায় প্লাটফর্মে চাদর বিছিয়েছেন টিকিটপ্রার্থীরা। অগ্রিম টিকিট বিক্রির চাপে বিঘ্নিত হয়েছে ট্রেনের স্বাভাবিক টিকিট বিক্রি কার্যক্রম। কর্তৃপক্ষ তা স্বীকারও করেছেন। দিনাজপুরের টিকিট কেনার জন্য অপেক্ষা করছিলেন সৈয়দ হাসান। অসুস্থ মাকে দেখতে গতকাল রাতেই তাঁর বাড়ি যাওয়া দরকার ছিল। কিন্তু অগ্রিম টিকিটের গ্যাঁড়াকলে পড়ে টিকিট কিনতে পারেননি। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল নিজেই স্বীকার করলেন, কাউন্টারের সামনে যেসব লোক অগ্রিম টিকিট কাটতে দাঁড়াচ্ছেন, তাঁদের সবাইকে টিকিট দেওয়া অসম্ভব। অগ্রিম টিকিটের চাহিদা এখন সাধারণ সময়ের চেয়ে কয়েক গুণ বেশি। প্রতিদিন গড়ে ১৮ হাজার টিকিট বিক্রি হয়, আর কাউন্টারের সামনে এখন ৪০ থেকে ৫০ হাজার লোক। প্রত্যেকে গড়ে চারটি করে টিকিট নিচ্ছেন। ফলে টিকিট শেষ হচ্ছে দ্রুত। মন্ত্রী হঠাৎ করেই গতকাল কমলাপুর স্টেশন পরিদর্শনে আসেন।