সাড়ে ২০ কোটি ব্যালট পেপার ছাপা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য সরকারি ছাপাখানায় ২০ কোটি ৫০ লাখ ব্যালট পেপার ছাপা শুরু হয়েছে। এগুলোর মধ্যে আড়াই কোটি পৌরসভা নির্বাচনের; বাকিগুলো ইউপি নির্বাচনের জন্য। দুই সপ্তাহের মধ্যে ছাপার কাজ শেষ হবে।গতকাল বৃহস্পতিবার ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২, ১৩, ১৭ ও ১৮ জানুয়ারি দেশের ২৬৯টি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে। আর মার্চে ইউপি নির্বাচন হবে বলে জানা গেছে। এসব নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে আগেভাগে প্রতীকসহ বেশির ভাগ ব্যালট পেপার ছাপার কাজ শুরু হয়েছে।দেশের মেয়াদোত্তীর্ণ ২৬৯টি পৌরসভায় ভোটারসংখ্যা প্রায় ৮৬ লাখ। মেয়াদোত্তীর্ণ চার হাজার ৫০২টি ইউনিয়ন পরিষদে ভোটার রয়েছেন প্রায় সাড়ে সাত কোটি। পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে প্রতিটি পদের জন্য ৮০ লাখ করে ব্যালট পেপার ছাপার কাজ চলছে। মেয়র পদের ব্যালট পেপার সবুজ, কাউন্সিলর পদের সাদা এবং নারী আসনের জন্য ব্যালট পেপার গোলাপি রঙের। মেয়র ও কাউন্সিলর পদের ব্যালট পেপারে ১০টি এবং সংরক্ষিত আসনের ব্যালট পেপারে আটটি প্রতীক রয়েছে। কোনো পদে প্রার্থীর সংখ্যা এর বেশি হলে প্রার্থীর তালিকা চূড়ান্ত হওয়ার পর ওই পদের ব্যালট পেপার ছাপা হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যের জন্যও পৃথক তিনটি ব্যালট পেপার ছাপা হচ্ছে। এগুলোর রং পৌরসভার পদগুলোর ব্যালট পেপারের অনুরূপ। ইউনিয়ন পরিষদগুলোর জন্য আপাতত তিনটি পদে মোট ১৮ কোটি ব্যালট পেপার ছাপা হচ্ছে। বাকি ব্যালট পেপার ছাপা হবে প্রার্থীর তালিকা চূড়ান্ত হওয়ার পর।সূত্র জানায়, পৌরসভা ও ইউপি নির্বাচনের প্রার্থীদের জন্য মনোনয়ন ফরম ছাপার কাজ শেষ হয়েছে। বর্তমানে ব্যালট পেপারের পাশাপাশি বিভিন্ন ধরনের নির্বাচনী ফরম ও বই ছাপা হচ্ছে।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, পৌরসভা ও ইউপি নির্বাচনের পুরো প্রস্তুতি চলছে। পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তবে দুটি নির্বাচনের জন্যই ব্যালট পেপার ছাপাসহ আনুষঙ্গিক কাজ চলছে। ইউনিয়ন ও পৌরসভাওয়ারি ভোটার তালিকার সিডি তৈরি চলছে।নির্বাচন কমিশন সূত্র জানায়, ইউপি নির্বাচন মার্চের শেষ দিকে শুরু করে মাসব্যাপী চলবে বলে কমিশন পরিকল্পনা করেছে।বিধিমালা লঙ্ঘন করলে জেল-জরিমানা: সূত্র জানায়, আসন্ন পৌরসভা ও ইউপি নির্বাচনে প্রার্থীদের জন্য তৈরি বিধিমালা লঙ্ঘনকারীর তাৎক্ষণিক শাস্তির বিধান করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে ভ্রাম্যমাণ আদালত এ জন্য কাজ করবেন। নির্বাচনের দিন পর্যন্ত এসব আদালত থাকবেন। আদালত তাৎক্ষণিকভাবে নির্বাচনী আইন ও বিধি অমান্যকারীদের দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন। বিচারিক ম্যাজিস্ট্রেটরাও নির্বাচনী অপরাধের বিচার করবেন।স্থানীয় সরকারের এই দুটি স্তরের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এই প্রথম এসব বিধান রেখে বিধিমালা করেছে। এই দুটি বিধিমালা গেজেট আকারেও প্রকাশিত হয়েছে। এই বিধিমালা লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল, প্রার্থীদের আর্থিক জরিমানাসহ বিভিন্ন ধরনের দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। তফসিল ঘোষণার পর বিধিমালা ঠিকমতো মানা হচ্ছে কি না, তা দেখবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তাঁরা বিধিমালার যেকোনো লঙ্ঘনের জন্য শাস্তি দিতে পারবেন।এবারই প্রথম পৌরসভা ও ইউপি নির্বাচনে প্রার্থীদের ব্যয়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্বাচনে মেয়র ও চেয়ারম্যান পদের প্রার্থীরা সর্বোচ্চ পাঁচ লাখ এবং কাউন্সিলর ও সদস্য পদের প্রার্থীরা এক লাখ টাকা ব্যয় করতে পারবেন। পাশাপাশি প্রত্যেক চেয়ারম্যান পদপ্রার্থীকে ব্যাংক হিসাব খুলতে হবে, ব্যাংক হিসাবের মাধ্যমে নির্বাচনে খরচ করতে হবে এবং নির্বাচন অনুষ্ঠানের ৩০ দিনের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে ব্যয়ের হিসাব দিতে হবে।বিধিমালা অনুযায়ী, পৌরসভা ও ইউপি নির্বাচনে প্রার্থীরা পোস্টারসহ নির্বাচনী প্রচারণায় কেবল নিজের পোর্ট্রেট ছবি ব্যবহার করতে পারবেন। কোনো রাজনৈতিক দলের নেতার ছবি বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করা যাবে না।সর্বশেষ ২০০৫ সালের ৫ থেকে ১০ মে পৌরসভা এবং ২০০৩ সালের ২০ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।