শরীয়তপুরে হেনা হত্যা মামলার প্রধান আসামি মাহাবুবুর রহমান ও প্রধান সালিসকারী ইদ্রিস শেখ গতকাল সোমবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এতে তাঁরা ধর্ষণ ও দোররা মেরে হেনাকে হত্যার কথা স্বীকার করে জানিয়েছেন, সাড়ে তিন লাখ টাকায় ঘটনা আপস করার চেষ্টা করা হয়।পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের জন্য মাহাবুবকে গত বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ইদ্রিস শেখকেও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় শনিবার। দুজনের জবানবন্দি নথিভুক্ত করার জন্য গতকাল সোমবার বেলা ১১টার দিকে তাঁদের শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। এরপর বিচারিক হাকিম অশোক কুমার দত্ত মাহাবুবের এবং বিচারিক হাকিম আবদুল মান্নান ইদ্রিস শেখের জবানবন্দি নথিভুক্ত করেন। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। আদালতের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জবানবন্দিতে মাহাবুব ধর্ষণের কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ধর্ষণের পর ঘরে আটকে রেখে তাঁর স্ত্রী শিল্পী বেগমের নেতৃত্বে স্বজনেরা হেনাকে মারধর করে। পরের দিন সালিসি বৈঠকে তাকে দোররা মারা হয়।মামলার অন্যতম আসামি প্রধান সালিসকারী ইদ্রিস শেখও জবানবন্দিতে হেনাকে সালিসে দোররা মারার কথা স্বীকার করেছেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সাড়ে তিন লাখ টাকা দিয়ে আপস করার চেষ্টা করা হয়েছিল।সিআইডি পরিদর্শক মনিরুজ্জামান বলেন, দুই আসামি হেনা হত্যাকাণ্ড ও ধর্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।গত ২৪ জানুয়ারি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিসের মাধ্যমে ফতোয়া দিয়ে হেনাকে দোররা মারা হয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। ৩১ জানুয়ারি হেনা হাসপাতালে মারা যায়। এ ঘটনায় ১ ফেব্রুয়ারি ১৮ জনকে আসামি করে নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন হেনার বাবা দরবেশ খান। উচ্চ আদালতের নির্দেশে ১১ ফেব্রুয়ারি রাতে ধর্ষণ ও ফতোয়া দিয়ে দোররা মারার অভিযোগে আরেকটি মামলা করা হয়। উভয় মামলায় একই ব্যক্তিদের আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ছয়জনকে পুলিশ গ্রেপ্তার করে পর্যায়ক্রমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। ১২ আসামি পলাতক।এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি আজ মঙ্গলবার তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।