সাড়ে ৩৮ হাজার কোটি টাকার এডিপি আসছে
আগামী ২০১০-১১ অর্থবছরের জন্য ৩৮ হাজার ৫০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করা হয়েছে। এবার বরাদ্দে অগ্রাধিকার দেওয়া হচ্ছে পরিবহন, শিক্ষা ও ধর্ম, পল্লি উন্নয়ন এবং বিদ্যুৎ খাতকে। মোট এডিপির অর্ধেকেরও বেশি অর্থাৎ ৫৪ দশমিক ৭১ শতাংশ বরাদ্দ রাখা হচ্ছে এ চার খাতে। চলতি মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে অনুমোদনের জন্য এডিপির এ প্রস্তাব উপস্থাপন করা হবে। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। ৩৮ হাজার ৫০০ কোটি টাকার মধ্যে ২১ হাজার ৯৪ কোটি ৭৮ লাখ টাকা আসবে অভ্যন্তরীণ উৎস থেকে। জাপানি সুদ মওকুফ তহবিল (জেডিসিএফ) থেকে ধরা হচ্ছে দুই হাজার ১০৫ কোটি ২২ লাখ টাকা। এ দুই উৎস মিলে দাঁড়ায় ২৩ হাজার ২০০ কোটি টাকা। বাকি ১৫ হাজার ৩০০ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসাবে ধরা হচ্ছে। নতুন এডিপিতে সবচেয়ে বেশি ছয় হাজার ৯০৩ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে পরিবহন খাতে। এই অঙ্ক মোট এডিপির ১৭ দশমিক ৯৩ শতাংশ। চার হাজার ৯১৯ কোটি ৬৪ লাখ টাকা বা ১২ দশমিক ৭৮ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শিক্ষা ও ধর্ম খাত। বিদ্যুৎ খাতে থাকছে ১২ দশমিক ৭৫ শতাংশ বা চার হাজার ৯০৮ কোটি ১৯ লাখ টাকা। আর পল্লি উন্নয়ন ও প্রতিষ্ঠান খাতের জন্য বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে চার হাজার ৩৩২ কোটি ৫০ লাখ টাকা।খাতওয়ারি বরাদ্দ অনুযায়ী ভৌত পরিকল্পনা ও পানি সরবরাহে রাখা হচ্ছে তিন হাজার ৬৩০ কোটি টাকা। এর বাইরে স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবারকল্যাণে তিন হাজার ৪৯৩ কোটি এবং কৃষি খাতে এক হাজার ৯৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সবচেয়ে কম ৬৮ কোটি ৭০ লাখ টাকা থাকছে শ্রম ও কর্মসংস্থান খাতে। ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন, পার্বত্য চট্টগ্রাম ছাড়া বিশেষ এলাকার উন্নয়ন, নদী খনন এবং বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা ইত্যাদি ১০টি উন্নয়ন সহায়তা উপখাতের জন্য বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে তিন হাজার ৪১১ কোটি টাকা। এই উপখাতগুলোতে অবশ্য জেডিসিএফ বা প্রকল্প সাহায্য কিছু থাকবে না। অর্থাৎ পুরো টাকাই সরকারি তহবিল থেকে ব্যয় করতে হবে।