কৃষি, পল্লি উন্নয়ন, বিদ্যুৎ ও পরিবহন খাতে বেশি বরাদ্দ
সাড়ে ৩৮ হাজার কোটি টাকার নতুন এডিপি
আগামী ২০১০-১১ অর্থবছরের জন্য ৩৮ হাজার ৫০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার। এতে কৃষি, পল্লী উন্নয়ন, বিদ্যুৎ ও পরিবহন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন এডিপির ৬০ শতাংশ বা ২৩ হাজার ২০০ কোটি টাকার সংস্থান হবে অভ্যন্তরীণ উত্স থেকে। বাকি ৪০ শতাংশ বা ১৫ হাজার ৩০০ কোটি টাকা প্রকল্প সাহায্য। এবারের এডিপিতে মোট প্রকল্প থাকবে ৯১০টি, যার মধ্যে ৯৪টি নতুন। আর চলতি অর্থবছরের সংশোধিত এডিপি থেকে আগামী অর্থবছরের এডিপিতে স্থানান্তরিত প্রকল্প ৮১৬টি। গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে নতুন এডিপির অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের এডিপি অনুমোদনের এসব তথ্য জানান। এ সময় পরিকল্পনাসচিব হাবিব উল্লাহ মজুমদার উপস্থিত ছিলেন। এ কে খন্দকার জানান, আগামী এডিপির অগ্রাধিকার খাতের মধ্যে প্রথম হচ্ছে কৃষি। এডিপির ২১ শতাংশ বা আট হাজার ১৬৭ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কৃষি, পল্লি উন্নয়ন ও পল্লি প্রতিষ্ঠান এবং পানিসম্পদ খাতে। বরাদ্দের দিক থেকে এর পরের অবস্থানে রয়েছে বিদ্যুৎ, তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ খাত। এ কয়টি মিলিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে মোট এডিপির ১৬ শতাংশ বা ছয় হাজার ৭৪ কোটি ৮১ লাখ টাকা। এ ছাড়া পরিবহন খাতে ১৪ শতাংশ বা পাঁচ হাজার ৫১০ কোটি ৫৭ লাখ টাকা; শিক্ষা ও ধর্ম খাতে ১৩ শতাংশ বা পাঁচ হাজার ১৮৪ কোটি ১৬ লাখ টাকা; স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবারকল্যাণ খাতে ১০ শতাংশ বা তিন হাজার ৯২০ কোটি ২৫ লাখ টাকা এবং ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ণ খাতে নয় শতাংশ বা তিন হাজার ৫৩০ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।এডিপির থোক বরাদ্দ রাখা হয়েছে ৪ দশমিক ১৩ শতাংশ বা এক হাজার ৫৮৮ কোটি ৩১ লাখ টাকা। চলতি অর্থবছরের তুলনায় থোক বরাদ্দ কিছু বাড়ানো হয়েছে বলেও জানান এ কে খন্দকার। বাকি অর্থ শ্রম ও কর্মসংস্থান খাত এবং ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন, পার্বত্য চট্টগ্রাম ছাড়া বিশেষ এলাকার উন্নয়ন, নদীখনন এবং বিশেষ প্রয়োজনে উন্নয়ন-সহায়তা উপখাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে।পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী এডিপি বাস্তবায়নের জন্য এখন থেকেই পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার পানির কারণে কাজ করা সম্ভব হয় না। এ সময় সুষ্ঠু পরিকল্পনা করা থাকলে বর্ষা শেষ হলেই কাজ শুরু করা যাবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী এডিপিতে প্রকল্প সংখ্যা কমানোর ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা বাড়ল কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী জানান, ২০১১-১২ অর্থবছর থেকে প্রকল্পের সংখ্যা কমানোর চিন্তা রয়েছে। তবে এমন কিছু প্রকল্প রয়েছে, যেগুলো আগামী দুই থেকে তিন মাসের মধ্যে শেষ হয়ে যাবে। সেদিক থেকে ভাবলে আগামী এডিপিতে প্রকল্পের সংখ্যা খুব বেশি বলা যাবে না। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) জন্য এডিপিতে কোনো বরাদ্দ থাকছে কি না, এমন প্রশ্নের জবাবে হাবিব উল্লাহ মজুমদার জানান, একটি তালিকা পাওয়া গেছে। কিন্তু এডিপির কোনো অর্থ পিপিপির জন্য রাখা হয়নি। কারণ এর জন্য আলাদা বরাদ্দ থাকবে।