সাড়ে ৪ হাজার অগ্নিকাণ্ড নিভিয়েছে সাধারণ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে গত বছর সারা দেশে সাড়ে চার হাজার অগ্নিকাণ্ড সাধারণ মানুষ নিভিয়ে ফেলেছে। এই সংখ্যা সারা দেশে সংঘটিত অগ্নিকাণ্ডের ৩০ শতাংশ।আজ শনিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরপুর ১০ নম্বরের ট্রেনিং কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে (মিট দ্য প্রেস) ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শাহীদুল্লাহ এ কথা বলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, গত বছরে সারা দেশে ছোটবড় মিলিয়ে প্রায় ১৫ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাড়ে ৩০০ মানুষের প্রাণহানি হয়। গত বছরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে ৩০ শতাংশ অগ্নিকাণ্ড মানুষ নিভিয়ে ফেলে।মহাপরিচালক জানান, মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ফায়ার সার্ভিসের ২৫ জন কর্মী শহীদ হন। তাঁদের স্মরণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরপুর ১০ নম্বর ট্রেনিং কমপ্লেক্সে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। কাল রোববার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এর উদ্বোধন করবেন।মহাপরিচালক বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনী, ইপিআর, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে তত্কালীন ইস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা প্রত্যক্ষ-পরোক্ষভাবে অংশ নিয়েছিলেন। শহীদ কর্মীদের পরিবারের চাহিদা অনুযায়ী তাঁদের সুনির্দিষ্ট সহযোগিতা করা হবে। তাঁদের পরিবারের কোটায় নিয়োগ অব্যাহত থাকবে বলে জানান মহাপরিচালক।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশাসন ও অর্থ) মেজর এম আবদুস সালাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মেজর এম মতিউর রহমান, পরিচালক (রক্ষণাবেক্ষণ ও অভিযান) মেজর মোহাম্মদ মাহবুব এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তত্কালীন ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম।