সাড়ে ৪০০০ পয়েন্টের ওপরে ডিএসইর সূচক
দেশের পুঁজিবাজারে আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। আর ডিএসইর সাধারণ মূল্যসূচক আবারও সাড়ে ৪০০০ পয়েন্টের ওপরে উঠে এসেছে। এর আগে গত ২৫ জানুয়ারি সূচক সাড়ে ৪০০০ পয়েন্টের নিচে নেমে আসে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত বুধবার অর্থমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। যার ইতিবাচক প্রভাব গত দুই দিনের বাজারে দেখা যায়। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত বিশেষ স্কিম কমিটি বুধবার ওই সুপারিশ করে। এ বিষয়ে ১০ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান।শেয়ারবাজারে ঋণ নিয়ে বিনিয়োগ করে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের এক বছরের সুদের ৫০ শতাংশ পর্যন্ত মওকুফ করার সুপারিশ করেছে স্কিম কমিটি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতি পুষিয়ে দিতে গণপ্রস্তাব বা আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে সুপারিশে। এ বিষয়টিই বাজারে ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৭৪.৭১ পয়েন্ট বেড়ে ৪৫৪২.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত ছিল।আজ ডিএসইতে ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৮টিরই দাম বেড়েছে। কমেছে ১০টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৬৩ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১৩৪ কোটি টাকার বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স, এনবিএল, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, ওয়ান ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৭৮৪.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৩০৫৫.৭০ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯২টিরই দাম বেড়েছে। কমেছে তিনটির আর অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৭ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকার বেশি।