বিআইডব্লিউটিএ: মন্ত্রী, সচিব আর চেয়ারম্যানের জন্য একটি করে পাজেরো বরাদ্দ
সাড়ে ৬ কোটি টাকার গাড়ি অনুমোদন ছাড়া ক্রয়
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পাঁচটি পাজেরোসহ ১০টি গাড়ি কিনেছে। কিন্তু এর জন্য তারা নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন পায়নি। তার পরও ছয় কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকার এই গাড়ি উদ্বোধন করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বিআইডব্লিউটিএর নথিপত্রে দেখা যায়, অননুমোদিত এই গাড়িগুলোর মধ্যে একটি পাজেরো বরাদ্দ করা হয়েছে নৌপরিবহনমন্ত্রীর নামে। আর দুটি পাজেরো বরাদ্দ দেওয়া হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের নামে। সংস্থার নৌবন্দর পরিচালনার কাজে ব্যবহারের জন্য এই গাড়িগুলো কেনার অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি লিখে বিআইডব্লিউটিএ। চিঠি চালাচালির একপর্যায়ে তারা ৫২ আসনের একটি বাস (এক কোটি টাকা), পাঁচটি পাজেরো (তিন কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা) ও চারটি কার (এক কোটি ৬০ লাখ টাকা) কেনে। নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখার এ-সংক্রান্ত এক চিঠিতে দেখা যায়, এ গাড়ি কেনার জন্য পর্যাপ্ত বরাদ্দ বাজেটে আছে কি না, তা মন্ত্রণালয়কে জানানো হয়নি। গত ২২ জুলাই নৌপরিবহন মন্ত্রণালয় বিআইডব্লিউটিএর কাছে জানতে চায়, সংস্থার পুরনো একটি বাস ও পাঁচটি জিপ বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে কি না, তা জানানো হয়নি। আবার চারটি পুরোনো গাড়ি বিক্রির টাকা সরকারি কোষাগারের বদলে বিআইডব্লিউটিএর কোষাগারে জমা দেওয়া হয়েছে। তাই তারা নতুন গাড়ি কেনায় অনাপত্তিপত্র দেয়নি। গত ৭ আগস্ট মন্ত্রণালয়ের চিঠির জবাবে বিআইডব্লিউটিএ জানিয়েছে, পাঁচটি জিপ ইতিমধ্যেই অচল ঘোষণা করা হয়েছে। দরপত্রের মাধ্যমে গাড়িগুলো বিক্রি করে টাকা সেপ্টেম্বরের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। ২০১২-১৩ অর্থবছরে সংস্থার গাড়ি কেনার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ রয়েছে বলেও চিঠিতে জানায় বিআইডব্লিউটিএ। বাকি টাকা বর্তমান অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ করতে হবে। আরও চারটি গাড়ি বিক্রির টাকা সরকারি কোষাগারে দেওয়ার দাবি করে বিআইডব্লিউটিএ বলছে, বিক্রির টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে। ব্যাংক চালানের কপি পাওয়ার পর তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।তবে এসব ব্যাখ্যা প্রচলিত নিয়মের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে দাবি করেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। কারণ, পুরোনো যানবাহন বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকলে মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে বাজেট সংশোধন করতে হবে। আর এ প্রক্রিয়াগুলো শেষ করতে হয় নতুন গাড়ি কেনার আগেই। তবে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার দাবি করেন, বিধিবিধান মেনেই গাড়ি কেনা হয়েছে। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ব্যবহারের অনুপযোগী জিপ গাড়িগুলো বিক্রি করে বিক্রয়লব্ধ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এরপর দরপত্র ছাড়া সরকারি সংস্থা প্রগতি থেকে নতুন পাজেরোগুলো কেনা হয়েছে। তিনি বলেন, নতুন পাজেরোগুলো যেসব কর্মকর্তার ব্যবহার করার কথা তাঁরাই করছেন। মন্ত্রী ও সচিবের জন্য গাড়ি বরাদ্দের বিষয়ে তাঁর বক্তব্য, নৌপরিবহনমন্ত্রী ও সচিব যখন বিআইডব্লিউটিএর কোনো অনুষ্ঠানে যাবেন, তখনই তাঁরা এসব যানবাহন ব্যবহার করবেন। অতীতেও এমনটা হয়েছে। জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, গাড়ি কেনাকাটায় অনিয়ম হয়েছে কি না, সেটি খতিয়ে দেখতে সচিবকে বলা হয়েছে। নিয়মের ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।