সাড়ে ৭ ঘণ্টা পর মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে সাত ঘণ্টা পর মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সরু চ্যানেলে ডুবোচরে একটি ফেরি আটকে পড়ায় সকাল পাঁচটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ছিল। এতে উভয় ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।বিআইডব্লি¬উটিসি ও বিআইডব্লিউটিএ সূত্র জানায়, রো রো ফেরি ভাষা শহীদ বরকত ২৮টি যানবাহন নিয়ে আজ ভোর পাঁচটার দিকে কাউনিয়ারচর এলাকার ডুবোচরে আটকা পড়ে। ফলে সরু চ্যানেল দিয়ে অন্য ফেরি চলাচল সম্ভব না হওয়ায় কর্তৃপক্ষ সব ফেরি চলাচল বন্ধ করে দেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আইটি জাহাজ দিয়ে ফেরিটি উদ্ধার করা হয়। ভাষা শহীদ বরকত ফেরিটি আটকে পড়ায় টাবলো, কিশোরী, রামশ্রী, যশোরসহ চারটি ফেরিকে শতাধিক যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করতে হয়। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (মাওয়া জোন) মো. আশিকুজ্জামান বলেন, ফেরিটি ডুবোচরে আটকে থাকায় সব ফেরির চলাচল বন্ধ ছিল। ওই চ্যানেলটি এতই সরু যে একটি ফেরি আটকে পড়লে অন্য ফেরি সেটি দিয়ে চলাচল করতে পারে না।