সায়মন ড্রিংয়ের সেই একাত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য দুপুর; গত শুক্রবার ২৩ মার্চ। একটি গাড়ি এসে থামল শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সামনে। গাড়ি থেকে নামলেন আকাশি রঙের চেক শার্ট পরা দীর্ঘদেহী একজন মানুষ। হলের ভেতরের দিকে তাকিয়ে এক মুহূর্ত কী যেন ভাবলেন। পলকের জন্য নীলাভ চোখ দুটো চঞ্চল হয়ে উঠল। ‘হ্যাঁ। জায়গাটা পরিষ্কার চিনতে পারছি আমি।’ বাংলাদেশের আজন্ম বন্ধু খ্যাতিমান ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং যেন নিজেকেই বললেন কথাটা। তারপর পা রাখলেন ভেতরে। একতলার করিডরের এক প্রান্তে দাঁড়িয়ে যেন চোখের সামনে মেলে ধরলেন নিজের লেখা সেই প্রতিবেদন।‘ইন দ্য নেম অব “গড অ্যান্ড এ ইউনাইটেড পাকিস্তান”, ঢাকা ইজ টুডে আ ক্রাশড অ্যান্ড ফ্রাইটেনড সিটি। আফটার টোয়েন্টি ফোর আওয়ার্স অব রুথলেস, কোল্ড ব্লাডেড শেলিং বাই দ্য পাকিস্তানি আর্মি অ্যাজ মেনি অ্যাজ সেভেন থাউজেন্ড পিপল আর ডেড...’ (‘আল্লাহ এবং পাকিস্তানের অখণ্ডতার’ নামে, ঢাকা আজ বিধ্বস্ত ও আতঙ্কের এক নগর। পাকিস্তান সেনাবাহিনীর ঠান্ডা মাথার নির্মম হামলায় ২৪ ঘণ্টায় সাত হাজারের মতো লোক নিহত হয়েছে...।)১৯৭১ সালের ২৫ মার্চের বর্বর হামলার সময় ঢাকায় থাকা সায়মন ড্রিং ব্যাংককে পৌঁছে লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকার জন্য এই প্রতিবেদনটি পাঠান। ৩০ মার্চ ১৯৭১ ছাপা হওয়া তাঁর ওই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার ইকবাল হলের (এখন জহুরুল হক হল) গণহত্যার তথ্যও স্থান পায়।২৭ বছর বয়সী দুঃসাহসী সাংবাদিক সায়মন ড্রিং সেদিন চোখের সামনে দেখেছিলেন ইতিহাসের জঘন্যতম এক গণহত্যার ভয়াবহতা। উৎসুক তরুণদের কলরব নয়, ইকবাল হলের বাতাস সেদিন ভারী হয়ে ছিল বারুদ আর পোড়া-ছেঁড়া লাশের গন্ধে।করিডর ধরে জহুরুল হক হলের পুকুরপাড়ে গিয়ে আবার থামলেন সায়মন। পুকুরের শানবাঁধানো ঘাট ছাত্রদের কলহাস্যে মুখর। কেউ সাঁতরাচ্ছে। কেউ সবে পানিতে নামছে। কেউ ঘাটে আড্ডায় মেতেছে। কিন্তু সায়মনের দৃষ্টি পুকুর পেরিয়ে চলে গেছে আরও দূরে। ‘ওই যে, ওদিকে ব্রিটিশ কাউন্সিলের ছাদ থেকে ওরা মর্টার ছুড়েছিল। আমি নিজে গুনে দেখেছি, প্রায় ৩০টা লাশ তখনো পড়ে ছিল এখানে-সেখানে, ছড়িয়ে-ছিটিয়ে।’ স্মৃতি ভারাক্রান্ত সায়মন ড্রিং বললেন।টেলিগ্রাফে ছাপা হওয়া ’৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর জঘন্যতম গণহত্যার ‘দলিল’ সায়মনের ওই প্রতিবেদন বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছিল পাকিস্তানি বাহিনীর হামলার অন্যতম লক্ষ্য। মাঝরাতের পরপরই পাকিস্তানি সেনারা প্রবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেনারা ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি দখল করে সেটিকে ঘাঁটি বানিয়ে ছাত্রাবাস এলাকায় গোলা ছুড়তে থাকে। ইকবাল হল ছিল সরকারবিরোধী ছাত্রসংগঠনের ঘাঁটি হিসেবে পরিচিত। সেদিন মর্টারের শেল আর মেশিনগানের অবিরাম গুলিতে শুধু ইকবাল হলেই নিহত হয়েছিল ২০০ নিরপরাধ ছাত্র। হামলার দুই দিন পরও দেখা যাচ্ছিল পুড়ে যাওয়া রুমের মধ্যে পড়ে থাকা লাশ আর লাশ। পাকিস্তানি বাহিনী আরও বহু লাশ সরিয়ে ফেলেছিল আগেই। একটি হলে ছাত্রদের মেরে দ্রুত কবর খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়। তারপর ওপর দিয়ে ট্যাংক চালিয়ে সমান করে দেওয়া হয় মাটি। বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার বস্তিঘরের বাসিন্দারাও রেহাই পায়নি নৃশংসতার হাত থেকে। রেললাইন বরাবর ২০০ গজ এলাকার বস্তিঘর পুড়িয়ে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় কাছের একটি মার্কেটও। হত্যা করা হয় ঘুমন্ত দোকানমালিকদের। আক্রান্ত হয় রাজারবাগ পুলিশ লাইন। ট্যাংক প্রথমে গোলা ছোড়ে এবং পরে পাকিস্তানি সেনারা ঢুকে ঘুমন্ত পুলিশ ব্যারাক মাটিতে মিশিয়ে দেয়। গুলি করে নির্বিচারে। জহুরুল হক হলের পুকুরপাড় থেকে ফিরে আসবেন, এর মধ্যেই সায়মনকে ঘিরে ভিড় জমে গেল। ততক্ষণে চাউর হয়ে গেছে সায়মন ড্রিংয়ের আগমনের খবর। উজ্জ্বল প্রাণবন্ত একদল তরুণ দাঁড়িয়ে গেল তাঁর পাশে। সায়মনের সঙ্গে ছবি তোলার দুর্লভ সুযোগ হাতছাড়া করতে রাজি নয় ওরা। আরও একদল তরুণ ছুটতে ছুটতে হলের সদর দরজা অবধি এল ছবি তোলার আশায়। সায়মনও হাসিমুখে সময় দিলেন। পুরান ঢাকার বিভীষিকাসায়মনের পরবর্তী গন্তব্য নীলক্ষেত-কাঁটাবন এলাকা ঘুরে পুরান ঢাকা, শাঁখারীবাজার। শুক্রবার বলেই সম্ভবত আদালতপাড়ার নিত্যদিনের ভিড় নেই। মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি আক্কু চৌধুরীকে সঙ্গে নিয়ে সায়মন ঘুরলেন পুরান ঢাকার অলিগলি। ’৭১-এ এখানে কী দেখেছিলেন তিনি? তাঁর প্রতিবেদন থেকেই শুনি: ‘পুরান ঢাকার ধ্বংসলীলা ছিল ভয়াবহতম। বহু ঘরবাড়ি, দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছিল। হিন্দু এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পাকিস্তানিদের ধ্বংসলীলা শুরু হয় ২৫ মার্চ মধ্যরাতে। ওরা এই দেশের মানুষকে একটা শিক্ষা দিতে চেয়েছিল।’ সেই দিনের কথা বলতে বলতে সায়মন কৈলাশ ঘোষ লেনে আনমনে হেঁটে বেড়িয়েছেন লম্বা সময়। সরু গলিতে মানুষের ভিড় দেখলেন। দেখলেন এখনকার পুরান ঢাকার শান্ত নিরুপদ্রব জীবনযাত্রা। চায়ের স্টলে ভিড়, পথচলতি মানুষজন...। টেলিগ্রাফের সেই প্রতিবেদনে ২৫ মার্চের ঢাকার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে সায়মন লিখেছিলেন, ‘নারী ও শিশুরা ঘরের ভেতর জীবন্ত দগ্ধ হয়েছে। হিন্দুধর্মাবলম্বীদের ঘর থেকে বের করে একসঙ্গে বাইরে জড়ো করে মারা হয়েছে। বাড়িঘর, বাজার, দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর সব ভবনের মাথায় ওড়ানো হয়েছে পাকিস্তানি পতাকা।’২২ ও ২৩ মার্চ। এই দুই দিন সায়মন ড্রিং ঘুরেছেন জহুরুল হক হলসহ ’৭১ সালের সেসব জায়গায়, যেখানে ঘুরে তিনি বাংলাদেশের যুদ্ধের খবর জানিয়েছিলেন বিশ্ববাসীকে। তিনি ঘুরে দেখেছেন তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টাল (বর্তমান রূপসী বাংলা), রেসকোর্স ময়দান (সোহরাওয়ার্দী উদ্যান), ইকবাল হল (জহুরুল হক হল), ফুলার রোড, পুরান ঢাকার শাঁখারীবাজার এবং ধানমন্ডি ৩২ নম্বর এলাকা। প্রথম আলো সঙ্গী হয়েছিল তাঁর এই আবেগময় সফরের। সায়মনকে নিয়ে তথ্যচিত্রসায়মন ড্রিংয়ের এই সরেজমিন স্মৃতিচারণা নিয়ে দেশ টিভি নির্মাণ করছে একটি তথ্যচিত্র। নির্মাতা পারভেজ চৌধুরী বললেন, ‘১৯৯৯ সালে আমরা একুশে টেলিভিশনে কর্মরত ছিলাম। তখন আমাদের ’৭১ নামে একটি ধারাবাহিক অনুষ্ঠান তৈরি করেছিলাম। সায়মন সেটির দেখভাল করতেন। এবার আমার তথ্যচিত্রের বিষয় সায়মন নিজেই। ৪০ বছর পর সায়মন আবারও ফিরে গেছেন সেসব ভয়াল স্মৃতির জায়গায়।’ তথ্যচিত্রটি দেশ টিভিতে প্রচারিত হবে ২৬ মার্চ সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে।পেছন ফিরে দেখা১৯৭১ সালের ২৫ মার্চ তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছিলেন ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং। পাকিস্তানি সেনা কর্মকর্তার প্রচ্ছন্ন হুমকির মুখেও তিনি হোটেল ছাড়তে রাজি ছিলেন না। গা ঢাকা দিয়েছিলেন হোটেলের ছাদে। ২৭ মার্চ সকালে কারফিউ তুলে নেওয়ার পর সায়মন বেরিয়ে পড়েন ঢাকার রাস্তায়। তাঁর সঙ্গে ছিলেন ফরাসি আলোকচিত্রী মিশেল লরা। তাঁরা পাকিস্তান সেনাবাহিনীর পরিচালিত ২৫ মার্চ রাতের ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেন শহরজুড়ে। ৩০ রিল ছবি তুলেছিলেন মিশেল। তাঁর টুকে নেওয়া নোট কোমরের বেল্টে আর মোজার ভেতরে গুঁজে নিয়েছিলেন সায়মন। তারপর চেপে বসেন পশ্চিম পাকিস্তানগামী বিমানে। করাচি থেকে তিনি বিমানে চলে যান ব্যাংকক। সেখান থেকেই ৩০ মার্চ প্রকাশিত ‘ট্যাংকস ক্রাশ রিভল্ট’ শিরোনামের সাড়া জাগানো প্রতিবেদনটি টেলিগ্রাফকে পাঠান তিনি।