সিঁদুরের অন্দরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরময় সিঁদুর বাতাসে উড়তে লাগল। যেদিকে তাকানো যায়, শুধু লাল আর লাল। কক্ষের চারদিক সিঁদুরের রঙে রঙিন মানুষগুলো আরও লাল হয়ে গেল। এই দৃশ্য দেখা গেল ৫৩ শাঁখারীবাজারের একটি সিঁদুরঘরে। এখানে সিঁদুর প্যাকেটজাত করা হয়। প্যাকেটজাতের বিষয়টি হচ্ছে, ছোট ছোট প্লাস্টিকের কৌটায় সিঁদুর ভরা হয়। তারপর সেই কৌটার ওপর নির্দিষ্ট সিঁদুরঘরের নামে লেবেল লাগানো হয়।শাঁখারীবাজারে সিঁদুরের খুচরা বিক্রেতা মদন সুর জানান, শাঁখারীবাজারের বেশ কয়েকটি বাড়িতে সিঁদুর প্যাকেট করা হয়। যেসব প্রতিষ্ঠান সিঁদুর প্যাকেট করে, তাদের নামেই এগুলো বাজারে বিক্রি হয়। ঢাকায় সিঁদুর প্যাকেট করার জন্য খ্যাতি পেয়েছে মিটফোর্ডের কে সি দত্ত কোম্পানি। এ ছাড়া শাঁখারীবাজারের সুর অ্যাম্পোরিয়াম ও নাগ অ্যাম্পোরিয়াম সিঁদুর প্যাকেটজাত করে বাজারজাত করে থাকে। সিঁদুরভর্তি বস্তা আনা হয় ভারত ও চীন থেকে। ছোট ছোট কৌটায় ভর্তি হওয়ার পর সে সিঁদুর চলে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন খুচরা বাজারে। প্রতিদিন তাঁর দোকান থেকে গড়ে তিন কৌটা সিঁদুর বিক্রি হয় বলে তিনি জানান।খোঁজ নিয়ে জানা গেছে, শাঁখারীবাজারের একেকটি সিঁদুরঘর প্রতিদিন গড়ে ৬০০ কৌটা সিঁদুর প্যাকেটজাত করে থাকে। শাঁখারীবাজারের সিঁদুরঘর নাগ অ্যাম্পোরিয়ামে গিয়ে দেখা গেছে, সিঁদুরের পাউডার বস্তা থেকে কৌটায় চামচ দিয়ে পরিমাপ করে ভরা হচ্ছে। সামনে ও পেছনের ড্রাম, বস্তা—সব লাল। অন্য পাশে কৌটায় ঢাকনা লাগাচ্ছেন কয়েকজন। অন্য পাশে যাঁরা আছেন, তাঁরা কৌটার গায়ে অনবরত লাগিয়ে যাচ্ছেন লেবেল। এভাবেই প্রস্তুত হচ্ছে সিঁদুরের কৌটা। তবে বাজারে যেতে আরও দুই ধাপ কাজ বাকি। ১২টি কৌটা একসঙ্গে প্লাস্টিকের কাগজে মুড়িয়ে বাঁধা হয়ে গেল এক ডজন। এভাবে ১২ ডজন প্যাকেট আবার একসঙ্গে বাঁধা হয়। তখন একে গ্রুস বলে। এরপর চলে যায় বাজারে। পাইকারি বাজারে গ্রুস হিসেবে বিক্রি হয় সিঁদুর। সিঁদুরের কারখানার প্রায় সবকটিতেই নারীরা কাজ করেন। কাজটা ঘরে বসে করা যায়। আবার মেয়েরা যাঁরা ঘর সামলান, কিংবা যাঁরা পড়াশোনা করেন, তাঁরা অবসরে সিঁদুর কৌটায় ভরার কাজ করে থাকেন।কৌটায় বাহারি সব লেবেল লাগানো হয়। এর মধ্যে আছে মহাতীর্থ, সুন্দরী, অপরূপা, সক্ষ্মিনী, বউমা, লাভ। সিঁদুর শব্দের মানে রক্তবর্ণ হলেও বাজারে অন্যান্য রঙের সিঁদুরও পাওয়া যায়। যেমন: লাল, মেটে, খয়েরি প্রভৃতি। এখন আবার পাওয়া যাচ্ছে জরি সিঁদুর।