সিংহাসনে রানি এলিজাবেথের ৬০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ডার্বিতে আজ ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ের মধ্য দিয়ে শুরু হবে রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৬০তম বর্ষপূর্তি উত্সব। রানি চার দিনব্যাপী এ উত্সবের উদ্বোধন করবেন। একটি ছাদ-খোলা গাড়িতে করে ডার্বিতে যাবেন রানি। সেখানে রানিকে অভ্যর্থনা জানাতে ‘রেড অ্যারো’ বিমান মহড়া থাকবে। অনুষ্ঠানে জাতীয় সংগীত গাইবেন সংগীত তারকা ক্যাথরিন জেঙ্কিনস। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। রোববার টেমস নদীতে এক হাজার নৌকার প্রদর্শনী ও সোমবার বার্কিংহাম প্রাসাদের সামনে সংগীতানুষ্ঠান এই উত্সবের প্রধান আকর্ষণ। দেশ জুড়েই থাকছে আরও ছোট-বড় বিভিন্ন অনুষ্ঠান।মঙ্গলবার সন্ধ্যায় রানি সেন্ট পলস ক্যাথেড্রালে এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। রাজপরিবারের সদস্যরাও এ সময় সেখানে উপস্থিত থাকবেন।উত্সবের প্রস্তুতি হিসেবে গতকাল শুক্রবার সকালে মধ্য লন্ডনের সব পথ বন্ধ করে দেওয়া হয়। সেনাবাহিনী ও হাউসহোল্ড ডিভিশনের দুই হাজার সদস্য এদিন ঘোড়া টানা গাড়ির এক বিশাল মহড়ায় অংশ নেন। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ক্যান্টরবারির আর্চ বিশপ ড. রোয়ান উইলিয়ামস গতকাল রানির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাত্কারে ক্যামেরন বলেন, ‘যদিও রানির সিংহাসনে আরোহণের ৬০ বছর পেরিয়ে গেছে, প্রিন্স ফিলিপেরও যথেষ্ট বয়স হয়েছে, এরপর শারীরিক ও মানসিক শক্তির দিক দিয়ে তাঁরা ব্যতিক্রমী অবস্থানে রয়েছেন বলে মনে করি।’ তিনি বলেন, সর্বোপরি দেশের মানুষ, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও আমাদের গণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে তাঁর।