সিআইএ কর্মকর্তার ওপর মেক্সিকান পুলিশের হামলা
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) দুই কর্মকর্তাকে গত সপ্তাহে গুলি করে আহত করেছেন মেক্সিকোর কেন্দ্রীয় পুলিশের কয়েকজন সদস্য। মার্কিন ও মেক্সিকান কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল বুধবার এ খবর জানিয়েছে।এ ঘটনায় মেক্সিকোয় চলমান মাদকবিরোধী অভিযানে দেশ দুটির মধ্যকার সহযোগিতার বিষয়টি ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপ ক্যালডেরন গত মঙ্গলবার দুঃখ প্রকাশ করেছেন।গুলিবিদ্ধ দুই সিআইএ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা আশঙ্কামুক্ত বলে চিকিত্সকেরা জানিয়েছেন।খবরে বলা হয়, ওই দুই সিআইএ কর্মকর্তা মেক্সিকোয় অবস্থান করছিলেন। গত শুক্রবার মেক্সিকান নৌবাহিনীর একজন ক্যাপ্টেনের সঙ্গে দূতাবাসের প্লেট লাগানো একটি গাড়িতে করে ওই দুই মার্কিন কর্মকর্তা মেক্সিকো সিটির দক্ষিণে একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে যাচ্ছিলেন। এ সময় চারটি গাড়ি তাঁদের বহনকারী গাড়িকে ধাওয়া করে এবং একপর্যায়ে গুলি ছোড়ে। এতে সিআইএর ওই দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন। সিআইএর ওই দুই কর্মকর্তা মেক্সিকোর স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে প্রশিক্ষণকাজে সহায়তা করছিলেন বলে খবরে উল্লেখ করা হয়। গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেক্সিকোর কেন্দ্রীয় পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। পুলিশের ১২ কর্মকর্তাকে ৪০ দিনের আটকাদেশ দেওয়া হয়েছে।ওই পুলিশ কর্মকর্তাদের দাবি, দুষ্কৃতকারী ভেবে তাঁরা ওই গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছেন।