সিআইএ চিকিত্সকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ
পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের বিরুদ্ধে অভিযানে মার্কিন গোয়েন্দা সংস্থাকে (সিআইএ) সহায়তাকারী এক চিকিত্সকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনছে পাকিস্তান। শাকিল আফ্রিদি নামের ওই চিকিত্সক অ্যাবোটাবাদে ওসামার পরিচয় শনাক্ত করতে তাঁর ডিএনএ সংগ্রহ করার চেষ্টা চালান। এ জন্য তিনি সেখানে সাজানো টিকাদান কর্মসূচি পরিচালনা করছিলেন। ওই ঘটনা তদন্তে গঠিত কমিশন এ তথ্য জানায়।মার্কিন ওই অভিযানে বিব্রত হয় পাকিস্তান। কেউ কেউ একে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন বলেও মনে করছে। পাকিস্তান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে মার্কিন ওই অভিযানের তদন্ত চলছে। অভিযান সম্পর্কে পাকিস্তানি সেনাবাহিনী কেন আগাম কোনো তথ্য পেল না, সে ব্যাপারেই তিনি খতিয়ে দেখছেন। এ ছাড়া সেনানিবাসের এত কাছে ওসামা কীভাবে লুকিয়ে ছিলেন, সে ব্যাপারে তথ্য সংগ্রহ করছেন তিনি। এ ঘটনায় তিনি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে গত বুধবার কথা বলেছেন। তিনি বিন লাদেনের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।শাকিল আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের পর কমিশনের প্রধান বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে ওই চিকিত্সক পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত এবং তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা যায়।লাদেনের বার্তাবাহকের মাধ্যমে অ্যাবোটাবাদে তাঁর অবস্থান শনাক্ত করার পর ডিএনএ সংগ্রহের মাধ্যমে তাঁর পরিচয়ের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে চায় সিআইএ। সে জন্যই শাকিল আফ্রিদির মাধ্যমে সেখানে সাজানো টিকাদান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। বিবিসি।