সিআইএকে তথ্য দেওয়া বন্ধ করেছে আইএসআই
আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে হত্যায় যুক্তরাষ্ট্রের একতরফা অভিযানের পর থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সঙ্গে তথ্যবিনিময় বন্ধ করে দিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। যুক্তরাজ্যের সানডে টেলিগ্রাফ পত্রিকা এ খবর দিয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকা গতকাল রোববার জানায়, পাকিস্তানের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে বিভক্ত হয়ে পড়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন।২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি বাড়িতে অভিযান চালিয়ে ওসামাকে হত্যা করেন মার্কিন কমান্ডোরা। এ অভিযানের বিষয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী এমনকি সরকারকে আগে থেকে কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের কোনো মহল আগেভাগে তা জেনে গেলে হয়তো তাদের সহযোগিতায় ওসামা ওই বাড়ি থেকে সরে পড়তেন। এ জন্যই পাকিস্তানকে জানানো হয়নি।আইএসআই সূত্র সানডে টেলিগ্রাফকে জানায়, পাকিস্তানে জঙ্গিদের অবস্থান ও গতিবিধি এবং চালকবিহীন বিমান (ড্রোন) হামলার লক্ষ্য ঠিক করার ব্যাপারে সিআইএকে তথ্য দিয়ে সহযোগিতা করে এসেছে আইএসআই। এসব তথ্যের বিষয়ে আইএসআইয়ের ওপর আস্থাও রাখত সিআইএ। কিন্তু এখন সিআইএকে তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে আইএসআই।একটি সূত্র সানডে টেলিগ্রাফকে জানায়, ‘তারা (আইএসআই এজেন্ট) বেশ ক্ষিপ্ত। কেননা, যে বার্তাবাহকের সূত্র ধরে শেষ পর্যন্ত ওসামার নাগাল পাওয়া গেছে, সেই বার্তাবাহকের টেলিফোনে আঁড়ি পেতে পাওয়া তথ্য সিআইএর হাতে তুলে দিয়েছিল আইএসআই। কিন্তু চার মাস আগে সিআইএ জানায়, ওই সূত্র ধরে আসলে তেমন কিছু পাওয়া যায়নি। এর পর থেকে সিআইএর তৎপরতা সম্পর্কে আইএসআইকে মূলত অন্ধকারে রাখা হয়।’সামরিক বিশ্লেষক লে. জেনারেল তালাত মাসুদ বলেন, সিআইএ ও আইএসআইয়ের মধ্যে সম্পর্ক খারাপ হলে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর ওপর এর প্রভাব পড়বে। কাজেই যুক্তরাষ্ট্র চাইবে সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে আনতে।আইএসআইয়ের প্রধান জেনালের আহমেদ পাশা সুজা গত শনিবার দেশের পার্লামেন্টে বলেন, তাঁদের পূর্ণ অবগতি ছাড়া যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএকে পাকিস্তানে কোনো অভিযান চালাতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, সিআইএর প্রধান লিওন পানেত্তার সঙ্গে সম্প্রতি এক বৈঠকে তিনি জোর দিয়ে জানিয়েছেন, সম্পর্ক স্বাভাবিক রাখতে হলে আনুষ্ঠানিক চুক্তি করা প্রয়োজন। পাশা বলেন, পার্লামেন্টের পূর্ণ সম্মতিতে চুক্তি করা ছাড়া সিআইএর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব নয়।এদিকে, ওসামা হত্যার অভিযানের পর প্রথম সাক্ষাৎকারে সিআইএর প্রধান পানেত্তা টাইমস সাময়িকীকে বলেছেন, তাঁদের আশঙ্কা ছিল, অভিযানের বিষয়টি আগে থেকে পাকিস্তানের গোয়েন্দাদের জানালে তা ফাঁস হয়ে যেতে পারে। তাঁরা ওসামাকে সতর্ক করে দিতে পারে। এ জন্যই পাকিস্তানিদের বাদ দিয়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।এরই মধ্যে ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছে, পাকিস্তানের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ওবামার প্রশাসন। কিছু কর্মকর্তা, বিশেষ করে হোয়াইট হাউসের অনেকেই চাইছেন, পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হোক।এক কর্মকর্তা বলেন, ‘এ অবস্থায় সবকিছু চলতে পারে না। পাকিস্তানিদের যেভাবেই হোক বোঝাতে হবে, একটি কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের এসেছে। আগে যারা পাকিস্তানের কথা শুনতে রাজি ছিল, এখন আর তারা চাইবে না।’তবে অন্য কর্মকর্তারা মনে করেন, পাকিস্তান যদি ভুলও করে, তার পরও তাদের ব্যাপারে বিকল্প উপায়গুলো বিবেচনা করে দেখা যেতে পারে। কেননা, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থাই নেওয়া হোক না কেন, তা সন্ত্রাসবিরোধী যুদ্ধে তাদের সহযোগিতা বাধাগ্রস্ত করবে।ওয়াশিংটন পোস্ট জানায়, পাকিস্তানের কোনো রকম সহযোগিতা ছাড়া আফগানিস্তানে সামরিক সাফল্য বা আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করা কার্যত অসম্ভব হবে। এএফপি, সানডে টেলিগ্রাফ, ওয়াশিংটন পোস্ট।