সিআইএর সদস্যদের হত্যাকারী জর্ডানের গুপ্তচর!
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) আট সদস্যের হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত হুমাম খলিল আবু-মুলাল আল-বালাউই নামে এই ব্যক্তি জর্ডানের গোয়েন্দা সংস্থার গুপ্তচর। মার্কিন গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।বলা হচ্ছে, হামলাকারী ওই ব্যক্তি একজন চিকিত্সক। জর্ডানের গোয়েন্দা সংস্থা তাঁকে নিয়োগ করেছিল আল-কায়েদার তথ্য সংগ্রহের জন্য। তিনি পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশে একটি ঘাঁটিতে কাজ করতেন। গত বুধবারের হামলার কয়েক সপ্তাহ আগে থেকে তিনি সেখানে কাজ করছিলেন।মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট সাবেক দুই মার্কিন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, আল-কায়েদার শীর্ষ নেতাদের সম্পর্কে নতুন তথ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত এই হামলাকারী সিআইএর কর্তকর্তাদের এক বৈঠকে ডেকেছিলেন। তবে সিআইএ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।বিবিসির খবরে বলা হয়, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার দ্বিতীয় শীর্ষনেতা আয়মান আল জাওয়াহিরিকে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল হুমাম খলিলকে। অথচ এক বছর আগে আল-কায়েদার সমর্থক হওয়ার কারণে খলিলকে গ্রেপ্তার করে জর্ডানের গোয়েন্দা সংস্থা।পশ্চিমা গোয়েন্দা সূত্রে জানা যায়, গত সপ্তাহে খলিল তাঁর এক সহযোগীকে সিআইএর কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করতে বলেন। সেখানে জাওয়াহিরি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে বলে তিনি জানান।তালেবান মুখপাত্রের বরাত দিয়ে আল-জাজিরার ওয়েবসাইটে বলা হয়, হুমাম এক বছর ধরে জর্ডান ও মার্কিন—এই দুই গোয়েন্দা সংস্থার হয়েই কাজ করছিলেন। একই সঙ্গে তাদের বিভ্রান্ত করে আসছিলেন।১৯৮৩ সালে বৈরুতে হামলার পর একসঙ্গে সিআইএর এতজন কর্মকর্তা আর কখনো মারা যাননি। গত বুধবারের ওই হামলায় সিআইএর আট কর্মকর্তা ও এক আফগান নাগরিক নিহত হন। এতে আহত হন আরও ছয় মার্কিন নাগরিক।