সিআইএর হাতে নির্যাতিত মাসরির পক্ষে রায়
ইউরোপীয় মানবাধিকার আদালত গতকাল বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর হাতে নির্যাতিত এক জার্মান নাগরিককে নির্দোষ ঘোষণা করে রায় দিয়েছেন। একই সঙ্গে আদালত নির্যাতিত খালেদ আল মাসরিকে ২০০৩ সালে অন্যায়ভাবে আটক ও সিআইএর কাছে হস্তান্তরের অভিযোগে দণ্ডিত করেছেন মেসিডোনিয়া সরকারকে। এ জন্য দেশটির সরকারকে ক্ষতিপূরণ হিসেবে খালেদকে ৭৮ হাজার ডলার (প্রায় ৬২ লাখ ৮৮ হাজার টাকা) দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।আল জাজিরার খবরে বলা হয়, সশস্ত্র ইসলামি একটি দলের সঙ্গে খালেদের যোগাযোগ আছে—এমন ধারণা থেকে সিআইএ তাঁকে পাঁচ মাস বন্দী করে রেখেছিল।এ রায় খালেদের জন্য এক বিরাট বিজয়। নিজেকে নির্দোষ ও নির্যাতিত প্রমাণ করতে তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের আদালতে লড়ছিলেন। আদালতের গণমাধ্যম বিভাগ থেকে জানানো হয়, লেবানিজ বংশোদ্ভূত খালেদ একজন জার্মান নাগরিক। মেসিডোনিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খালেদকে আটক করে দেশটির রাজধানী স্কোপিয়ের একটি হোটেলে ২৩ দিন ধরে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাঁর সঙ্গে ভীষণ দুর্ব্যবহার করা হয়। এরপর তাঁকে তুলে দেওয়া হয় সিআইএর এক এজেন্টের হাতে। তিনি খালেদকে নিয়ে যান আফগানিস্তানের এক কারাগারে। সেখানে চার মাস ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময়ও তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়।ফ্রান্সের স্ট্রসবার্গে অবস্থিত ইউরোপীয় আদালত বলেছেন, যথাযথ কারণ ছাড়াই খালেদ আল মাসরির বিরুদ্ধে অনুসন্ধান চালানো হয়েছে। খালেদকে অন্যায়ভাবে আটক এবং দেশে ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের হাতে তিনি যে রকম বিচারবহির্ভূত নির্যাতিত হয়েছেন, তার জন্য দায়ী মেসিডোনিয়া কর্তৃপক্ষ।মেসিডোনিয়ার সরকার জানিয়েছে, রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত তারা কোনো মন্তব্য করবে না। তবে খালেদকে অপহরণের দায় স্বীকার করেনি কর্তৃপক্ষ।যুগান্তকারী পদক্ষেপখালেদ দাবি করেছেন, তাঁকে উলঙ্গ করে, পিটিয়ে ও টেনেহিঁচড়ে আফগানিস্তানে নেওয়া হয়েছে। খালেদ তাঁর অগ্নিপরীক্ষা থেকে তখনই মুক্তি পান, যখন মার্কিন গোয়েন্দা সংস্থাটি বুঝতে পারে, তারা ভুল ব্যক্তিকে আটক করেছে। সিআইএ তাঁকে আলবেনিয়ার একটি রাস্তার পাশে ছুড়ে ফেলে রেখে চলে যায়।আদালত কার্যত মেসিডোনিয়াকে শাস্তি দিলেও মামলায় এটা পরিষ্কার হয়েছে, সিআইএ কীভাবে ইউরোপে বিচারবহির্ভূত কর্মকাণ্ড চালায়।আদালতের নির্দেশ ছাড়াই সিআইএ ‘জঙ্গি’ সন্দেহে অনেককে অপহরণ ও জিজ্ঞাসাবাদ করেছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পর কয়েক বছরে এ ধরনের কর্মসূচির হার অনেক বেড়ে যায়।২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত সিআইএকে অন্যায়ভাবে বন্দীশালা স্থাপন ও অপহরণের সুযোগ দেওয়ায় ইউরোপীয় পরিষদের একটি তদন্ত দল ২০০৭ সালে ১৪টি ইউরোপীয় দেশের সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল।অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আদালতের গতকালের রায়টিকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে। মানবাধিকার সংস্থাটি বলেছে, ‘এবারই প্রথমবারের মতো একটি ইউরোপীয় আদালত গোপনে চলা মার্কিন কর্মসূচির সঙ্গে জড়িত থাকার দায়ে কোনো রাষ্ট্রকে দণ্ডিত করলেন। অন্যায় করে দায়মুক্তি পাওয়ার চক্রান্তের বিরুদ্ধে চলমান সংগ্রামে এটি একটি মাইলফলক।’আন্তর্জাতিক জুরি কমিটির সঙ্গে যৌথভাবে দেওয়া এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ‘মেসিডোনিয়াই এ ধরনের একমাত্র রাষ্ট্র নয়।’