দেশের শেয়ারবাজারে বহুল আলোচিত-সমালোচিত বিডি থাই অ্যালুমিনিয়াম ও জেম গ্লোবাল ইল্ড ফান্ড লিমিটেডের মধ্যে শেয়ার বেচাকেনা ও বিদেশে অর্থ স্থানান্তরের বিষয়ে তদন্ত কমিটি একটি পৃথক পর্যালোচনা (কেস স্টাডি) তুলে ধরেছে। কমিটির ভাষায়, ‘অর্থ লোপাটের পুরো প্রক্রিয়াটিই কেলেঙ্কারিমূলক।’ বিষয়টি বিস্তারিত তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তরের মত দিয়েছে খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে তদন্ত কমিটি। সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে কমিটি বলেছে, জেম গ্লোবাল পশ্চিম ক্যারিবীয় সাগরে অবস্থিত কেম্যান আইল্যান্ডে নিবন্ধিত একটি কোম্পানি। ২০০৯ সালের ১১ ফেব্রুয়ারি বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি তালিকাভুক্ত বিডি থাই অ্যালুমিনিয়ামের নয় লাখ ৮৭ হাজার শেয়ারের ওয়ারেন্ট জেম গ্লোবালের কাছে বিক্রির সিদ্ধান্ত দেয়। ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের ওয়ারেন্ট বিক্রির দর ছিল ৩৭৫ টাকা।বিডি থাই একই বছরের ১৯ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানায়, ওয়ারেন্টের সুবাদে কোম্পানি জেম গ্লোবালকে ৯১ হাজার শেয়ার প্রাইভেট প্লেসমেন্টে দেওয়া হয়েছে। যার বিনিময় মূল্য ছিল তিন কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা।দুই দিন পর অর্থাৎ ২১ এপ্রিল থেকে জেম গ্লোবাল ৯০৯ দশমিক ৫১ টাকা গড় দরে বাজারে শেয়ার বিক্রি শুরু করে। এ পর্যায়ে ২৭ মে পর্যন্ত জেম গ্লোবাল দুই লাখ ৭২ হাজার শেয়ার বিক্রি করে বাজারে। এই যে দুই লাখ ৭২ হাজার শেয়ার বিক্রি করল জেম গ্লোবাল, তার মধ্যে মাত্র ৯১ হাজার শেয়ার বরাদ্দের তথ্য ডিএসইকে দিয়েছিল বিডি থাই। তদন্ত কমিটি বলেছে, বাকি এক লাখ ৮১ হাজার শেয়ার দেওয়ার তথ্য ডিএসইকে দেয়নি বিডি থাই।জেম গ্লোবাল এই শেয়ার বিক্রির মাধ্যমে ১৪ কোটি ৫৩ লাখ ৮৭ হাজার ৪৭৬ টাকা অর্থাৎ ১৪২ দশমিক ৫৪ শতাংশ মুনাফা করেছে। তদন্ত কমিটি এই মুনাফাকে অস্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করেছে।জেম গ্লোবাল যে দেশের কোম্পানি সেই কেম্যান আইল্যান্ড একটি দ্বীপ, যেখানে জনসংখ্যার চেয়ে নিবন্ধিত কোম্পানির সংখ্যা বেশি। কোনো আয়কর বা প্রাতিষ্ঠানিক করব্যবস্থা না থাকায় বিশ্বের নানা দেশের ফন্দিফিকিরের কোম্পানি এই দ্বীপে গিয়ে নিবন্ধন করে। জেম গ্লোবালও এমনই একটি কোম্পানি। এই কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ হাজার মার্কিন ডলার দেখানো হলেও পরিশোধিত মূলধন বিস্ময়করভাবে মাত্র এক সেন্ট। জেম গ্লোবালের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করতে গিয়ে আইনি বিবাদে জড়িয়ে পড়ারও ঘটনা রয়েছে। এর মধ্যে ২০০৬ সালে চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারী ওয়ান রুই ইয়ান জেম গ্লোবাল ইল্ড ফান্ডের বিরুদ্ধে মামলাটি ছিল অন্যতম। মামলার রায়ে ২০০৭ সালের মার্চ মাসে হংকং হাইকোর্ট জেম গ্লোবাল ইল্ড ফান্ডকে চার কোটি হংকং ডলার (৫০ লাখ মার্কিন ডলারের কিছু বেশি) বাদী ইয়ানকে সুদে-আসলে পরিশোধের নির্দেশ দেন।তদন্ত কমিটি বলেছে, জেম গ্লোবাল ১৫ কোটি টাকা বিদেশে স্থানান্তর করেছে সিটি ব্যাংক এনএর মাধ্যমে। নিটা (বিদেশি বিনিয়োগের বিশেষ ব্যাংক হিসাব) হিসাবের মাধ্যমে এই টাকা স্থানান্তর করা হয়েছে।তদন্ত কমিটি বলেছে, তারা বিডি থাইয়ের শেয়ারমূল্যের গতি পর্যালোচনা করে দেখতে পেয়েছে, ২০০৭ সালে শেয়ারটির মূল্য ৫৩ থেকে ৫৭ টাকার মধ্যেই সাধারণত ছিল। ২০০৮ সালের মে মাসে ১১৪ টাকা ছিল। জুন মাসে সম্পদ পুনর্মূল্যায়নের সংবাদ প্রচার করে দর বাড়ানো হয়। ৩১ জুলাই মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে সম্পদ পুনর্মূল্যায়নের ঘোষণা আসে এবং দাম বেড়ে দাঁড়ায় ৩০৫ টাকা। ২৩ অক্টোবর আরেক মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে জেম গ্লোবালের সঙ্গে সম্পর্কের কথা প্রচারিত হয় এবং দাম বেড়ে দাঁড়ায় ৪৮৯ টাকা। ২০০৯ সালের ১১ ফেব্রুয়ারি এসইসি জেম গ্লোবালের কাছে বিডি থাইয়ের শেয়ার বিক্রির অনুমোদন দেয়। এদিন কোম্পানির শেয়ারের দর বেড়ে গিয়ে ৫৭৫ দশমিক ৫০ টাকা হয়।তদন্ত কমিটি মনে করে, ‘এতে প্রমাণিত হয়, মূল্য সংবেদনশীল তথ্য প্রচারের দ্বারা ইস্যু ব্যবস্থাপকের কারসাজিতে মূল্য উত্থান ঘটানো হয়।’ কমিটি বলেছে, যেহেতু প্রায় ১৫ কোটি টাকা বিদেশে স্থানান্তরিত হওয়ার সংবাদ রয়েছে (সম্ভবত সিটি ব্যাংক এনএ চার কোটি টাকা আটকে রেখেছে) এবং অর্থ লোপাটের পুরো প্রক্রিয়াটিই কেলেঙ্কারিমূলক, তাই এই বিষয়টি বিস্তারিত তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তর করা যায়।প্রসঙ্গত, ২০০৯ সালের ৮ জুলাই প্রথম আলোতে ‘বিদেশি কোম্পানি দিয়ে পুঁজিবাজার থেকে অর্থ তুলে নেওয়ার ফন্দি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনের ফটোকপি তদন্ত প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।