আদিবাসী নেত্রী কল্পনা চাকমার অপহরণ ঘটনার বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদনের শুনানি হয়েছে। গতকাল রোববার রাঙামাটি মুখ্য বিচারিক হাকিম আদালতে এ শুনানি হয়। আগামী বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম মো. সিরাজুদ্দৌলা কুতুবী। মামলার বাদী কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা আদালতকে বলেন, ‘এ তদন্ত প্রতিবেদন আমি প্রত্যাখ্যান করছি। আমি তিনজনের নাম বলার পরও অদৃশ্য কারণে অপহরণকারীদের নাম তদন্ত প্রতিবেদনে প্রকাশ করা হয়নি।’ কালিন্দী কুমার বলেন, ‘আমি সুস্পষ্টভাবে অপহরণকারী হিসেবে লে. ফেরদৌস, ভিডিপি কমান্ডার নুরুল হক ও সালেহ আহমঞ্চদের নাম বলেছি। মামলার এজাহারেও তাঁদের নাম উল্লেখ করেছি।’ আইনজীবীরা কল্পনা চাকমার অপহরণ ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানালেও ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম মো. সিরাজুদ্দৌলা কুতুবীও তদন্ত কর্মকর্তাদের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, তাঁরা কোনো সুস্পষ্ট মতামত না দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আদালতে আইনজীবীরা কল্পনা চাকমার অপহরণ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে বলেন, ‘বিচারপতি আবদুল জলিলের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশন, পুলিশ ও সিআইডির চূড়ান্ত প্রতিবেদন দেখেছি। কোনোটিতে আসামিদের নাম আসেনি। এখন আর আমরা পুলিশের তদন্ত চাই না। এখন বিচার বিভাগীয় তদন্ত হোক।’শুনানিকালে হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মী এবং রাঙামাটি, ঢাকা, চট্টগ্রামের আইনজীবী ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। শুনানি শেষে কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা সাংবাদিকদের বলেন, ‘আমি যে তিনজনের নাম বলেছি, একমাত্র তাঁরাই বলতে পারবেন কল্পনা চাকমা কোথায় আছে, কেমন আছে, কীভাবে আছে।’ ১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহূত হন।