সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করলেন কল্পনা চাকমার ভাই
আদিবাসী নেত্রী কল্পনা চাকমার অপহরণ ঘটনার বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদনের শুনানি হয়েছে। আদালতে কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেন। আদালতও তদন্ত কর্মকর্তাদের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন।আজ রোববার রাঙামাটি মুখ্য বিচারিক হাকিম আদালতে এই শুনানি হয়। আগামী বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম মো. সিরাজুদ্দৌলা কুতুবী।বেলা একটার দিকে রাঙামাটি মুখ্য বিচারিক হাকিম আদালতে শুনানির কার্যক্রম শুরু হয়। এ সময় মামলার বাদী কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা আদালতকে বলেন, ‘এই তদন্ত প্রতিবেদন আমি প্রত্যাখ্যান করছি। আমি তিনজনের নাম বলার পরও কোন অদৃশ্য কারণে অপহরণকারীদের নাম তদন্ত প্রতিবেদনে প্রকাশ করা হয়নি?’ তিনি বলেন, ‘আমি সুস্পষ্টভাবে অপহরণকারী হিসেবে লেফটেন্যান্ট ফেরদৌস, ভিডিপি কমান্ডার নুরুল হক ও সালেহ আহম্মদের নাম বলেছি। মামলার এজাহারেও তাঁদের নাম উল্লেখ করেছি। কিন্তু কোনোটিতে তাঁদের নাম আসেনি।’ আইনজীবীরা কল্পনা চাকমার অপহরণ ঘটনা তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালে ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম মো. সিরাজুদ্দৌলা কুতুবীও তদন্ত কর্মকর্তাদের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, তাঁরা কোনো সুস্পষ্ট মতামত না দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। আদালতে আইনজীবীরা কল্পনা চাকমার অপহরণ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে বলেন, ‘বিচারপতি আবদুল জলিলের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশন, পুলিশ ও সিআইডির চূড়ান্ত প্রতিবেদন দেখেছি। কোনোটিতে আসামিদের নাম আসেনি। এখন আর আমরা পুলিশের তদন্ত চাই না। এখন বিচার বিভাগীয় তদন্ত হোক।’আইনজীবীরা অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, সম্প্রতি ভারতের দিল্লিতে ছাত্রী ধর্ষণ ও হত্যার ঘটনার ১৮ দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। অথচ কল্পনা চাকমার অপহরণের ১৬ বছর পরও অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়নি।ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম বিষয়টি খুবই স্পর্শকাতর বলে উল্লেখ করে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ছাড়া আর কোনো বিকল্প আছে কি না জানতে চান। তিনি বলেন, এখানে বিচারকের স্বল্পতা রয়েছে। তাই বিচার বিভাগীয় তদন্ত হলে অনেক সময় লাগতে পারে। তদন্ত যেন দ্রুত হয়, সেভাবে বিকল্প কী ব্যবস্থা নেওয়া যায়, তা আপনারা বলেন। পরে কল্পনা চাকমার অপহরণ ঘটনার সবগুলো তদন্তের নথি দেখে আদেশ দেবেন বলে উল্লেখ করেন।শুনানিকালে হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মী এবং রাঙামাটি, ঢাকা, চট্টগ্রামের আইনজীবী ও মানবাধিকারের কর্মীরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু তদন্ত চান কল্পনা চাকমার ভাই শুনানি শেষে কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা সাংবাদিকদের কাছে সুষ্ঠু বিচার পাওয়ার ব্যাপারে আশাপ্রকাশ করে বলেন, ‘আমি যে তিনজনের নাম বলেছি, একমাত্র তাঁরাই বলতে পারবেন কল্পনা চাকমা কোথায় আছে, কেমন আছে, কী হয়েছে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে কল্পনা চাকমার অপহরণ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। আমার মা কল্পনা চাকমার শোকে মারা গেছেন। অপহরণ ঘটনার সুষ্ঠু বিচার হলে মায়ের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে।’১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে হিল উইমেন্স ফেডারেশনের তত্কালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহূত হন। ওই সময় ঘটনাটি দেশে-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই পরিপ্রেক্ষিতে সরকার ঘটনা তদন্তে একই বছরের ৭ সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল জলিলের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করে। অপরদিকে ২০১০ সালের ২১ মে পুলিশ কল্পনা চাকমা অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদন পেশ করে। কিন্তু মামলার বাদী কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা নারাজি আবেদন দাখিল করেন। পরে রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম আদালত সিআইডিকে কল্পনা চাকমার অপহরণ ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গত বছরের ২৬ সেপ্টেম্বর সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মো. শহীদুল্লাহ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।