সিআইডির সাবেক তিন কর্মকর্তার জামিনের আবেদন ফের নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা মামলায় সিআইডির সাবেক তিন কর্মকর্তার জামিনের আবেদন আবার নাকচ করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।গতকাল এ মামলার সাবেক তিন তদন্ত কর্মকর্তা সিআইডির সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সাবেক সহকারী পুলিশ সুপার আবদুর রশীদ ও মুন্সী আতিকুর রহমান জামিনের আবেদন করেন। এর বিরোধিতা করে এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান বলেন, এই তিন আসামি মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত ও প্রকৃত ঘটনা আড়াল করে অপরাধীদের আড়াল করতে চেয়েছিলেন। জজ মিয়া নামের নিরীহ এক ব্যক্তিকে দিয়ে নাটক সাজিয়েছিলেন।এই তিন কর্মকর্তা গত ৬ জুলাই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। পুলিশের সাবেক তিন মহাপরিদর্শক (আইজি) শহুদুল হক, আশরাফুল হুদা ও খোদা বখ্স চৌধুরী ৪ জুলাই আত্মসমর্পণ করলে আদালত তাঁদেরও কারাগারে পাঠানোর আদেশ দেন।পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনের পৃথক দুই মামলায় ৩ জুলাই সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। সম্পূরক অভিযোগপত্রে আরও ৩০ জনকে আসামি করা হয়। মূল অভিযোগপত্রে আসামি ছিলেন ২২ জন।গত সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পলাতক ১২ আসামিকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। গতকাল আদালত ওই বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবেদন ১৬ আগস্টের মধ্যে দাখিলের আদেশ দেন।বিস্ফোরকদ্রব্য আইনের মামলায়ও তারেকসহ পলাতক ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আহত হন কয়েক শ ব্যক্তি।