১০ ট্রাক অস্ত্র আটকসংক্রান্ত চোরাচালান মামলায় চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে শুনানির পর চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান মহসিন তালুকদারের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। একই আদালত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিনের জামিন আবেদন নাকচ করে দেন।আদালত সূত্র জানায়, কার নির্দেশে সিইউএফএলের জেটিঘাটে ক্রেন ও ট্রাক আনা হয়েছে, তা জানার জন্য সিআইডি মহসিন তালুকদারকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ইতিপূর্বে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ বিষয়টি এড়িয়ে যান। ফলে সংরক্ষিত এলাকায় ক্রেন ও ট্রাক আনার বিষয়টি এখনো উদঘাটন হয়নি। তাই তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়।আদালত সূত্র আরও জানায়, উইং কমান্ডার সাহাবউদ্দিন ১০ ট্রাক অস্ত্র আটকসংক্রান্ত অস্ত্র ও চোরাচালান মামলায় জামিন আবেদন করেন। তিনি হূদরোগে আক্রান্ত দাবি করে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল অথবা স্কয়ার হাসপাতালে চিকিত্সার পৃথক আবেদন জানান। সাহাবউদ্দিনের তৃতীয় আবেদনটি ছিল তাঁর স্ত্রী ও কন্যার সঙ্গে একান্তে কথা বলার সময় প্রার্থনা করে। আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে দিয়ে কারাবিধি অনুযায়ী তাঁর চিকিত্সার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে সহকারী পুলিশ কমিশনারের (প্রসিকিউশন) কক্ষে একান্তে স্ত্রী ও কন্যার সঙ্গে কথা বলার অনুমতি দেন।সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘আদালতের নির্দেশে আসামি সাহাবউদ্দিন তাঁর স্ত্রী ও কন্যার সঙ্গে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত আমার কার্যালয়ের একটি কক্ষে একান্ত পারিবারিক আলাপ সেরে নেন। এ সময় কার্যালয়টি কড়া নিরাপত্তায় বেষ্টিত ছিল।’২০০৯ সালের ২ মে রাতে ঢাকার গ্রিন রোডের একটি বাসা থেকে সাহাবউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ১০ ট্রাক অস্ত্র ও চোরাচালান মামলায় তিনি দুই দফা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।প্রসঙ্গত, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র খালাস হয়। অস্ত্রগুলো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হয় বলে একাধিক আসামির জবানবন্দিতে বেরিয়ে আসে। এনএসআইয়ের কতিপয় কর্মকর্তার তত্ত্বাবধানে অস্ত্রগুলো খালাস করা হয়।