সিইপিজেড: বেশির ভাগ শ্রমিক কাজে যোগ দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের অস্থিরতার পর আজ সোমবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। বেশির ভাগ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। এ ছাড়া গতকাল রোববার ভাঙচুর হওয়া ১৪টি কারখানার মধ্যে চারটি চালু হয়েছে। গত দুই দিন সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে।তবে ইয়াংওয়ানের দাবি, গত শনিবার ভাঙচুর হওয়া তাদের ১১টি কারখানার মধ্যে নয়টি বন্ধ রয়েছে। দুটিতে আজ কিছু দাপ্তরিক কাজকর্ম চলছে বলে জানা যায়। চট্টগ্রাম ইপিজেডের মহাব্যবস্থাপক এস এম আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, সিইপিজেডের পরিস্থিতি এখন স্বাভাবিক। শ্রমিকেরা কাজে ফিরে এসেছেন। যে কয়েকটি কারখানা চালু হয়নি, সেগুলো চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে।ইয়াংওয়ানের বাংলাদেশের অপারেশনস প্রধান মেজবাউদ্দিন আহমেদ বলেছেন, ‘শনিবারের ভাঙচুরে চট্টগ্রামে আমাদের ১১টি কারখানার মধ্যে নয়টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। এসব কারখানা দ্রুত মেরামত করে চালুর উদ্যোগ নেওয়া হবে।’ বর্তমানে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান, চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. আবুল কাশেমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সিইপিজেডের কারখানাগুলোর পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করছেন। গতকাল শনিবার ইয়াংওয়ান গ্রুপের কয়েকটি পোশাক তৈরির কারখানায় শ্রমিকেরা ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। বিকেল থেকে রাত আটটা পর্যন্ত এ বিক্ষোভ-ভাঙচুর চলে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা ইয়াংওয়ানের কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। এ পরিস্থিতিতে ইয়াংওয়ানের ১৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।জানা গেছে, বেপজা ঘোষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী পুরোনোদের চেয়ে নতুন শ্রমিকদের বেতন-ভাতা বেশি বেড়েছে। ফলে নতুন ও পুরোনো শ্রমিকদের বেতন-ভাতা প্রায় সমান হয়ে গেছে। নতুন বেতন কাঠামোয় নভেম্বরের বেতন পাওয়ার পর পুরোনো শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে গতকাল ইয়াংওয়ান করপোরেশনের কারখানায় অসন্তোষকে কেন্দ্র করে সিইপিজেডে গতকাল পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী সংঘর্ষে তিনজন নিহত ও শতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে হূদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের মধ্যে তিনজন সাংবাদিক এবং ৫৬ জন পুলিশ। দুজন গুলিতে এবং অপরজন মাথায় আঘাত পেয়ে মারা যায় বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে।