সিইপিজেডে সব কারখানায় কাজ চলছে
ইয়াংওয়ান করপোরেশনের ১১টিসহ চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) সব কারখানায় আজ মঙ্গলবার সকাল আটটা থেকে কাজ শুরু হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিইপিজেডের মহাব্যবস্থাপক এস এম আবদুর রশীদ প্রথম আলোকে জানান, ইপিজেডের ১৫৮টি কারখানা আজ চালু হয়েছে।ইয়াংওয়ান করপোরেশনের চট্টগ্রামের মহাব্যবস্থাপক ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, গত শনিবার ও রোববার ভাঙচুরের ঘটনায় ইয়াংওয়ানের ক্ষতিগ্রস্ত নয়টিসহ ১১টি কারখানা আজ চালু হয়েছে। তবে শ্রমিকের উপস্থিতি ১৫ শতাংশ কম। ইয়াংওয়ানের সব কারখানার সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।গত শনিবার ইয়াংওয়ান গ্রুপের কয়েকটি পোশাক তৈরির কারখানায় শ্রমিকেরা ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর করেন। বিকেল থেকে রাত আটটা পর্যন্ত এ বিক্ষোভ-ভাঙচুর চলে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা ইয়াংওয়ানের কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। এ পরিস্থিতিতে ইয়াংওয়ানের ১৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।জানা গেছে, বেপজা-ঘোষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী পুরোনোদের চেয়ে নতুন শ্রমিকদের বেতন-ভাতা বেশি বেড়েছে। ফলে নতুন ও পুরোনো শ্রমিকদের বেতন-ভাতা প্রায় সমান হয়ে গেছে। নতুন বেতন কাঠামোয় নভেম্বরের বেতন পাওয়ার পর পুরোনো শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। ইয়াংওয়ান করপোরেশনের কারখানায় অসন্তোষকে কেন্দ্র করে পরের দিন গত রোববার আবারও সিইপিজেডে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী সংঘর্ষে তিনজন নিহত ও শতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে হূদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের মধ্যে তিনজন সাংবাদিক এবং ৫৬ জন পুলিশ। দুজন গুলিতে এবং অপরজন মাথায় আঘাত পেয়ে মারা যায় বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে।গতকালের ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় বন্দর থানায় তিনটি মামলা হয়েছে। প্রতিটি মামলায় ৩০ জনের নাম-ঠিকানা উল্লেখসহ ২৫ থেকে ৩০ হাজার লোককে আসামি করা হয়েছে।